২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্কুলছাত্র হত্যার ঘটনায় আতঙ্কে প্রবাসী জাপানিরা

তোশিবা এবং টয়োটা কোম্পানি তাদের স্টাফদেরকে সম্ভাব্য কোনওরকম সহিংসতার বিরুদ্ধে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 07:21 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন নগরীতে ১০ বছরের এক জাপানি বালক তার স্কুলের কাছে ছুরিকাঘাতে আহত হয়ে পরে মারা যাওয়ার ঘটনায় সেখানকার প্রবাসী জাপানিদের মধ্যে আতঙ্ক, উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জাপানের শীর্ষ কোম্পানিগুলো তাদের কর্মীদেরকে সজাগ থাকার ব্যাপারে সতর্কবার্তা দিচ্ছে। তোশিবা এবং টয়োটা কোম্পানি তাদের স্টাফদেরকে সম্ভাব্য কোনওরকম সহিংসতার বিরুদ্ধে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছে।

১০ বছরের বালকটি চীনের শেনঝেন জাপানিজ স্কুলের ছাত্র ছিল। বৃহস্পতিবার আহত অবস্থায় সে মারা যায়। বালকটি ছিল জাপানি নাগরিক। তার বাবা জাপানি এবং মা চীনা।

বালকটির ওপর হামলাকারী ৪৪ বছর বয়সী ব্যক্তি ঝংকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। তবে হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ হামলার ঘটনাকে অত্যন্ত বিস্ময়কর বলে মন্তব্য করেন এবং বেইজিংয়ের কাছে যত দ্রুত সম্ভব ঘটনাটির ব্যাখ্যাও দাবি করেন।

জাপান কর্তৃপক্ষ বারবারই এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে আসছে এবং চীন সরকারের কাছে দেশটিতে বাস করা জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

জাপানের বহুজাতিক ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি প্যানাসনিক  বিবিসি-কে দেওয়া এক বিবৃতিতে বলেছে, এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তারা চীনা মূল ভূখন্ডে তাদের কর্মচারীদের নিরাপত্তা ও স্বাস্থ্যকেই অগ্রাধিকার দেবে।

প্যানাসনিক তাদের কর্মী এবং কর্মীদের পরিবারের সদস্যদেরকে কোম্পানির খরচেই সাময়িকভাবে জাপানে ফিরে যাওয়া এবং কাউন্সেলিং সেবা দেওয়ার ব্যবস্থা করছে।

চীনে তোশিবা কোম্পানির আছে প্রায় ১০০ কর্মী। তারা এই কর্মীদেরকে নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা বিবিসি-কে বলেছে, তারা সাম্প্রতিক পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় যে কোনও তথ্য দিয়ে প্রবাসী জাপানিদেরকে সহায়তা করছে।

চীনের রাজধানী বেইজিংয়ে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত চীন সরকারকে জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাসম্ভব সবকিছু করার আহ্বান জানিয়েছেন।

চীনের কয়েকটি জাপানি স্কুল তাদের ছাত্রছাত্রীদের বাবা-মায়েদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। গুয়াংঝু জাপানি স্কুল তাতের কিছু কার্যক্রম বাতিল করেছে এবং জনসম্মুখে জোরে জাপানি ভাষায় কথা না বলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে।

চীনে প্রবাসী জাপানি সম্প্রদায়ের কিছু সদস্য বিবিসি-কে বলেছে, তারা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।