২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

দায়িত্ব ছাড়ার এক মাস আগে বর্তমান প্রধান বিচারপতিকে তার উত্তরসূরির নাম লিখিতভাবে সরকারের কাছে সুপারিশ করতে হয়।

ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত
ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই (ডানে) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি সূর্য কান্ত।  ছবি: দ্য হিন্দু

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 01:52 AM

Updated : 26 Aug 2026, 02:33 PM

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন দেশটির বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই।

সোমবার তিনি এই সুপারিশ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে। 

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি সূর্য কান্ত হতে যাচ্ছেন ভারতের ৫৩তম প্রধান বিচারপতি। 

গেল সপ্তাহে নিজের উত্তরসূরির নাম লিখিতভাবে জানাতে বিআর গাভাইকে অনুরোধ জানিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কিন্তু ওই সময় রাষ্ট্রীয় সফরে ভুটানে ছিলেন প্রধান বিচারপতি।

দেশে ফিরে সোমবার তিনি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের পছন্দের উত্তরসূরির নাম লিখিতভাবে জানান বলে হিন্দুর খবরে বলা হয়। 

ভারতে দায়িত্ব ছাড়ার মাস খানেক আগে বর্তমান প্রধান বিচারপতিকে তার উত্তরসূরির নাম লিখিতভাবে সরকারকে সুপারিশ করতে হয়।

বিচারপতি সূর্য কান্ত আগামী ২৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক স্পর্শকাতর মামলার বেঞ্চে ছিলেন সূর্য কান্ত।  

সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনকে বিহারের প্রায় ৬৫ লাখ ভোটারের বিস্তারিত তথ্য প্রকাশে বাধ্য করেন এ বিচারপতি, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

সূর্য কান্তের জন্ম হরিয়ানা রাজ্যের হিসার জেলায়।