জোর করে মেয়ের বিয়ে, অস্ট্রেলিয়ায় মায়ের জেল
আফগান শরণার্থী এই মা ২০১৩ সালে তালেবানের হাত থেকে পালিয়ে সন্তানদের নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে ভিক্টোরিয়ায় বাস করতে শুরু করেন।
মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে অস্ট্রেলিয়ায় জেল হয়েছে এক মায়ের। দেশটিতে জোরপূর্বক বিবাহ প্রতিরোধ আইনে কোনও মায়ের এমন সাজা পাওয়ার ঘটনা এটিই প্রথম।
মায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করেছিলেন এবং এমন একজনের সঙ্গে তার ২১ বছর বয়সী মেয়ের বিয়ে দিয়েছিলেন, যে লোক বিয়ের পর মেয়েটিকে হত্যা করে।
বিবিসি জানায়, ৪০ বছর বয়সী ওই মায়ের নাম সকিনা মোহম্মদ জান। ২০১৯ সালে সামান্য অর্থের বিনিময়ে তিনি তার মেয়ে রুকিয়া হায়দারিকে ২৬ বছর বয়সী মোহাম্মদ আলি হালিমিকে বিয়ে করতে বাধ্য করেন।
কিন্তু বিয়ের ছয় সপ্তাহ পরই হালিমি তার নববধূকে হত্যা করেন। হত্যার অপরাধে হালিমি এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
ওদিকে, রুকিয়ার মা সকিনা মোহম্মদ জানকেও সোমবার অন্তত এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৩ সালে অস্ট্রেলিয়ায় জোরপূর্বক বিবাহ প্রতিরোধ আইন চালু হয় এবং এর সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড। অস্ট্রেলিয়ায় এই আইন লঙ্ঘন করার বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। তবে সকিনাই এ আইনে প্রথম সাজা পেলেন।
সকিনা মোহম্মদ জান একজন আফগান হাজারা শরণার্থী। তিনি তালেবানের হাত থেকে পালিয়ে ২০১৩ সালে তার পাঁচ সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় চলে এসেছিলেন। মেয়ের মৃত্যুতে সকিনা গভীর ভাবে শোকাহত বলে জানিয়েছেন তার আইনজীবী।
বিচারে আদালতের শুনানিতে বলা হয়, সকিনা তার মেয়ে রুকিয়াকে ১৫ বছর বয়সে প্রথম বিয়ে করতে বাধ্য করেছিলেন। সেই বিয়ে ২ বছর টিকেছিল। এরপর রুকিয়া তার বয়স ২৭ কিংবা ২৮ না হওয়া পর্যন্ত আর বিয়ে করতে চাননি।
রায় ঘোষণার সময় বিচারক ফ্রান ডালজিয়েল বলেন, “সে (রুকিয়া) পড়াশোনা করে চাকরি করতে চেয়েছিল। সকিনা হয়ত ভেবে থাকতে পারেন যে, তিনি মা হিসাবে মেয়ের জন্য ভাল সিদ্ধান্ত নিচ্ছিলেন। কিন্তু তিনি বারবার মেয়ে রুকিয়ার ইচ্ছাকে উপেক্ষা করে জোর করে তাকে বিয়ে দিয়ে মা হিসাবে তার ক্ষমতার অপব্যবহার করেছেন।”
