২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলি লারিজানির মৃত্যুর পর নতুন নিরাপত্তা প্রধান বেছে নিল ইরান

ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার পর তার উত্তরসূরি হিসাবে রেভল্যুশনারি গার্ড কোর- এর সাবেক কমান্ডার বাকের জোলকাদরকে বেছে নিল তেহরান।

আলি লারিজানির মৃত্যুর পর নতুন নিরাপত্তা প্রধান বেছে নিল ইরান
জোলকাদর ও লারিজানি। ছবি: এনডিটিভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার পর তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তার অবসান ঘটল। 

ইরানের নতুন নিরাপত্তা প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হল রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার বাকের জোলকাদরকে।

মঙ্গলবার ইরানের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ প্রতিষ্ঠান ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন জোলকাদর।

ইরানের আইআরজিসি-এর সাবেক এই কমান্ডার দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি হিসাবেও কাজ করেছিলেন।  এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদিত সাংবিধানিক সংস্থা।

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

নিহত আলি লারিজানির স্থলাভিষিক্ত হওয়া জোলকাদরের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। লারিজানি ছিলেন ইরানের ক্ষমতার বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় সাধনে অত্যন্ত দক্ষ এবং বহির্বিশ্বের সঙ্গে আলোচনার ক্ষেত্রে পারদর্শী। তার মৃত্যু বর্তমান ইরান সরকারের জন্য বড় ধাক্কা।

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেও যুদ্ধের ময়দানে কোনও পরিবর্তন আসেনি। সোমবার ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা আরও পাঁচ দিন বাড়িয়েছেন।

তিনি জানান, মার্কিন দূতেরা ইরানের একজন ‘সম্মানিত’ নেতার সঙ্গে আলোচনার সুযোগ পাবেন বলে এই কদিন বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত রাখা হবে। তবে তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান ও আরেকটি নগরীর জ্বালানিকেন্দ্র হামলা হওয়ার খবর জানিয়েছে দেশটির ফারস বার্তা সংস্থা।

ইরানি সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত বিজয়’ না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনার খবর সরাসরি অস্বীকার করেছেন ইরানি কর্মকর্তারা।

যুদ্ধের ভয়াবহতা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ইরানে ১,৫০০ এবং লেবাননে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও ১৫ জন ইসরায়েলি এবং ১৩ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। যুদ্ধের ফলে ইরান ও লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

সূত্র: এনডিটিভি