Published : 29 Nov 2025, 03:08 PM
বহুতল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক পালন করছে হংকং।
শনিবার তিন দিনের শোকের শুরুতে চীনা শহরটির প্রধান নির্বাহী জন লিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কার্যালয়গুলোর বাইরে দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালন করেন, পতাকা রাখা হয় অর্ধনমিত।
শহরটির ১৮টি জায়গায় শোকবই খোলা হয়েছে, যেন সাধারণ জনগণ তাদের শোকের কথা জানাতে পারে।
“যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা হতবিহ্বলতা ও অনিশ্চয়তায় দিন যাপন করছেন, তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থলের সহমর্মিতা,” শোক জানিয়ে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ রাজা চার্লস এসব বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডকে ‘হতভম্ব করে দেওয়ার মতো বেদনাদায়ক’ ঘটনা বলেও অভিহিত করেছেন তিনি।
গেল প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড দেখা হংকংয়ের পুলিশ ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্স সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট আরও ৮ জনকে আটকের কথাও জানিয়েছে।
এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১১-তে।
পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে।
এর আগে শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষের পর হংকংয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা, ১২৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিলেন। তবে এখনও প্রায় ২০০ জন নিখোঁজ, তদন্ত কর্মকর্তারা ভবনগুলোতে ঢুকলে আরও মৃতদেহ পেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকেলে ৮টি ৩২ তলাবিশিষ্ট ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন লেগে দ্রুত কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। প্রায় দুইদিনের চেষ্টায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে।
হংকংয়ে আগুন: মৃত্যু ১২৮, এখনও খোঁজ মেলেনি ২০০ জনের
৪ হাজার ৬০০-র বেশি মানুষের আবাসস্থল ছিল এই কমপ্লেক্স, আগুন লাগার পর যেখানে ফায়ার অ্যালার্ম ঠিকঠাক কাজ করেনি বলে ভাষ্য কর্তৃপক্ষের।
পোড়া ভবনগুলোতে মৃতদেহ শনাক্তকারী ইউনিটের সদস্যরা এখনও তল্লাশি চালাচ্ছেন। এখন পর্যন্ত নিহত ১২৮ জনের মধ্যে মাত্র ৩৯ জনকে শনাক্ত করা গেছে। পরিবারের সদস্য ও শোকার্তদের অনেকেই ঘটনাস্থলে ফুল দিয়ে শোক প্রকাশ করছেন, কেউ কেউ উদ্ধারকর্মীদের তোলা মরদেহের ছবি দেখে প্রিয়জন শনাক্তের মত কঠিন কাজও চালিয়ে যাচ্ছেন।
ইন্দোনেশিয়া জানিয়েছে, ওয়াং ফুক কোর্ট অগ্নিকাণ্ডে তাদের ছয় নাগরিক মারা গেছেন। ফিলিপিন্স জানিয়েছে, তাদের এক নাগরিক গুরুতর আহত, একজন নিখোঁজ, আরও ২৮ জনের অবস্থান অজানা।
১৯৪৮ সালের পর অগ্নিকাণ্ডে এত প্রাণহানি আর দেখেনি হংকং। সে বছর গুদামে অগ্নিকাণ্ডে ১৭৬ জন প্রাণ হারিয়েছিলেন।