১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হংকংয়ে আগুন: মৃত্যু ১২৮, এখনও খোঁজ মেলেনি ২০০ জনের

উদ্ধার অভিযান শেষ হয়েছে। মৃতদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনকে শনাক্ত করা গেছে।

হংকংয়ে আগুন: মৃত্যু ১২৮, এখনও খোঁজ মেলেনি ২০০ জনের
আগুন লাগার পর ওই কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম ঠিকঠাক কাজ করেনি বলে জানিয়েছেন হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 02:52 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চীনা শহরটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা। 

একাধিক বহুতল ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে এই আগুন লেগেছিল সেখানকার প্রায় ২০০ বাসিন্দার খোঁজ এখনও মেলেনি, শুক্রবার তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার স্থানীয় সময় বিকালে হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা তাই পো-র ৮টি ৩২ তলাবিশিষ্ট ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন লাগার অল্প সময়ের মধ্যে তা দ্রুত পুরো কমপ্লেক্সজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় দুইদিনের চেষ্টায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। 

“বিস্তৃত তদন্তের জন্য পুলিশ যখন ভবনের ভেতর ঢুকবে তখন আরও মৃতদেহ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমরা,” সংবাদ সম্মেলনে বলেছেন হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং।

মৃত ১২৮ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। আগুন লাগার পর ওই কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম ঠিকঠাক কাজ করেনি বলেও জানিয়েছেন তিনি। 

উদ্ধার অভিযান শেষ হয়েছে। ১২ দমকলকর্মীসহ ৭৯জন আহত হয়েছে বলে জানা গেছে। 

“আমাদের লক্ষ্য হচ্ছে ভবনের তাপমাত্রা কমিয়ে আনা, যখন সবকিছু নিরাপদ মনে হবে তখন পুলিশ তথ্যপ্রমাণ সংগ্রহ করবে এবং আরও তদন্ত চালাবে,” বলেছেন ট্যাং। 

আবাসিক কমপ্লেক্সটিতে ৪ হাজার ৬০০-র বেশি মানুষের বাস ছিল; সংস্কার কাজের জন্য এগুলোর চারপাশে ছিল বাঁশ ও সবুজ জালের ঘেরাটোপ।  

পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে।

দায়ী সন্দেহে নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

১৯৪৮ সালের পর অগ্নিকাণ্ডে এত প্রাণহানি আর দেখেনি হংকং। সে বছর গুদামে অগ্নিকাণ্ডে ১৭৬ জন প্রাণ হারিয়েছিলেন।