তাইওয়ানে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে কংগ্রেসের অনুমোদন চাইবেন বাইডেন
অস্ত্র বিক্রির এই প্যাকেজে জাহাজবিধ্বংসী ৬০টি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ১০০টি ক্ষেপণাস্ত্রও রয়েছে।
তাইওয়ানে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজে কংগ্রেসের অনুমোদন চাওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
এসব অস্ত্রের মধ্যে জাহাজবিধ্বংসী ৬০টি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ১০০টি ক্ষেপণাস্ত্রও রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’ সোমবার কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বলে জানিয়েছে রয়টার্স।
তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের নিয়ে ক্ষুব্ধ চীন এরই মধ্যে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে।
কিন্তু তার মধ্যেও মার্কিন আইনপ্রণেতারা ক্রমাগতই তাইওয়ান সফরের মধ্য দিয়ে তাদেরকে জোরালো সমর্থন জানাচ্ছেন। এমন পরিস্থিতিতেই তাইওয়ানকে বাইডেন প্রশাসনের নতুন করে আরও অস্ত্র দেওয়ার পরিকল্পনার খবর এল।
প্রাথমিক পর্যায়ে থাকা অস্ত্রের এই প্যাকেজে আছে- ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০ টি এএমজি-৮৪এল হারপুন ব্লক-টু ক্ষেপণাস্ত্র, ৮ কোটি ৫৬ লাখ ডলারের ১০০ টি এআইএম -৯এক্স ব্লক টু সাইডউইন্ডার ট্যাকটিক্যাল এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র এবং ৬৫ লাখ ৫০ হাজার ডলারের একটি নজরদারি রাডার।
সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র তাইওয়ানের যুক্তরাষ্ট্র-নির্মিত এফ-১৬ যুদ্ধ বিমানগুলোকে অস্ত্রসজ্জিত করার কাজে ব্যবহার করা হবে।
বাইডেন প্রশাসন এই অস্ত্র প্যাকেজের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর এসব অস্ত্র বিক্রির বিষয়টি চূড়ান্ত হওয়ার আগে এতে কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সেনেট কমিটি এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।
আশা করা হচ্ছে কংগ্রেস সদস্যরা তাইওয়ানে এই অস্ত্র বিক্রি অনুমোদন করবেন। তবে তা হতে আগামী কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস লেগে যেতে পারে।
