২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার রায়জানে কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২০

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার একটি ওয়ার্কশপের কাছে আগুন লাগার পর বিস্ফোরণটি ঘটে। কিন্তু আগুন লাগার কারণ জানায়নি তারা।

রাশিয়ার রায়জানে কারখানায় বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২০
মস্কোর দক্ষিণপূর্বে রায়জান অঞ্চলে বিস্ফোরণটি ঘটে। ছবি: এসপ্রেসো গ্লোবাল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

রাশিয়ার রায়জান অঞ্চলের এক কারখানায় গত সপ্তাহে ঘটা বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ বিস্ফোরণে আরও ১৩৪ জন আহত হয়েছেন, সোমবার দেশটির জরুরি মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। । 

রায়জান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার জানিয়েছিলেন, কারখানার একটি ওয়ার্কশপের কাছে আগুন লাগার পর বিস্ফোরণটি ঘটে।

রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ আগুন লাগার কোনো কারণ জানায়নি। এই কারখানাটিতে কী উৎপাদন হতো তাও পরিষ্কার হয়নি।

রাশিয়ার কিছু গণমাধ্যম জানিয়েছে, গানপাউডারে আগুন লাগার পর সেখান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

কারখানাটিতে বিস্ফোরণের আগে মস্কোর দক্ষিণপূর্বের রায়জান অঞ্চলটিতে কয়েকটি ইউক্রেইনীয় ড্রোন আঘাত হেনেছিল বলে খবর হয়েছিল। তাতে বলা হয়েছিল, ড্রোনগুলো সামরিক ও বাণিজ্যিক অবকাঠামোতে আঘাত হেনেছে। 

কিন্তু ইউক্রেইনীয় ড্রোন হামলার সঙ্গে কারখানাটিতে ঘটা বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার কর্মকর্তারা বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেছেন, তারা আহতদের খুঁজে বের করে চিকিৎসার ব্যবস্থা করছেন। 

টেলিগ্রামে এক পোস্টে স্থানীয় জরুরি পরিষেবা দপ্তর বলেছে, “১৮ অগাস্ট পর্যন্ত, ওই বিস্ফোরণের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩৪ জন, তাদের মধ্যে ৩১ জন রায়জান ও মস্কোর হাসপাতালে ভর্তি আছেন।” 

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে দ্রুত একটি চুক্তি করতে কিইভকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনা চলার মধ্যেও রাশিয়া ও ইউক্রেইনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে।