Published : 23 Aug 2025, 10:42 AM
যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউ ইয়র্কে থ্রুওয়েতে (নিয়ন্ত্রিত) পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
পুলিশের বরাতে বিবিসি লিখেছে, বাসটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটির দিকে ফিরছিল, সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। হতাহতদের বেশিরভাগই ভারত, চীন ও ফিলিপিন্স থেকে আসা পর্যটক।
নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, “স্থানীয় কর্মকর্তারা উদ্ধারকাজ ও সহায়তার কাজ করছেন।”
বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল পূর্বে পেমব্রোক শহরের কাছের এ দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়।
পুলিশ শুরুতে জানিয়েছিল, মৃতদের মধ্যে একজন শিশু রয়েছে, তবে তা সঠিক নয় বলে পরে জানানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন, তাদের বয়স ১ থেকে ৭৪ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েন। অন্যরা কয়েক ঘণ্টা ধরে ধ্বংসাবশেষের মধ্যে আটকে ছিলেন। বেশিরভাগ যাত্রী সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার তদন্তে সহায়তার জন্য দোভাষী ও অনুবাদ যন্ত্র দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়।
নিউ ইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার আন্দ্রে রে সংবাদ সম্মেলনে বলেন, “দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে এই মুহূর্তে কারিগরি ত্রুটি বা চালকের অক্ষমতার মতো বিষয় সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে না।
“চালক সহযোগিতা করছেন এবং তদন্ত এখনো চলমান। এই মুহূর্তে কোনো অভিযোগ নথিবদ্ধ করা হয়নি।”
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের একটি প্রধান পর্যটন কেন্দ্র নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রায় ৪০ মাইল দূরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসটি পূর্বমুখী ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজক পেরিয়ে যানটি পড়ে যায় খাদে। দুর্ঘটনার সময় বাসটিতে একাধিক শিশু ছিল।
স্থানীয় একটি হাসপাতালে ২৪ জন প্রাপ্তবয়স্ককে ভর্তি করা হয়েছে। তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা। অন্যান্য হাসপাতালেও রোগী পাঠানো হয়েছে এবং ১৬ বছরের নিচের বাচ্চাদের একটি শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী দ্য বাফেলো নিউজ’কে বলেন, তিনি একটি বাসকে উল্টে পড়ে থাকতে দেখেছেন এবং রাস্তায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন।
দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া একজন পাওয়েল স্টিফেনস বলেন, “রাস্তাজুড়ে ভাঙা কাঁচ পড়েছিল এবং লোকজনের জিনিসপত্র ছড়িয়ে ছিল।“
“সব জানালা ভাঙা ছিল। সবার সজ্ঞান এবং ঠিক বলে মনে হচ্ছিল, তবে আমি মাত্র ১৫ সেকেন্ডের জন্য দৃশ্যটি দেখেছিলাম।”