পুতিনকে 'ঘনিষ্ঠ সহচর' বললেন উত্তর কোরিয়ার নেতা কিম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের বার্তা পাঠিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন কিম জং উন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই বার্তায় পুতিন কে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বলে দুজনের সম্পর্কের গভীরতা ব্যক্ত করেছেন কিম।
বিবিসি জানায়, ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। এতে অবশ্য পশ্চিমারা উদ্বিগ্ন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ জানিয়েছে, দুই দেশের সম্পর্কের প্রশংসা করে কিম বলেছেন, গত জুনে পুতিনের পিয়ংইয়ং সফরের পর থেকে এই সম্পর্ক 'অপরাজেয় ও চিরন্তন' হয়ে উঠেছে।
তিনি বলেন, 'আমাদের মধ্যে বৈঠক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক... উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ডিপিআরকে-রাশিয়া বন্ধুত্বের ভিত্তি আরও দৃঢ় করতে এই সম্পর্ক ইতিবাচক অবদান রাখবে।
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের পুরনো। স্ট্যালিন এবং কিমের বর্তমান দাদা কিম ইল-সাংয়ের সময় থেকে এ সম্পর্ক চলে আসছে।
সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার শুরুর দিনগুলোতে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করেছিল। পিয়ংইয়ং কখনওই চীনের ওপর পুরোপুরি নির্ভর করতে চায়নি। কারণ, তারা চীনকে পুরোপুরি বিশ্বাস করে না।
চলতি বছরের শুরুর দিকে, পুতিন ও কিম একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাতে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দুই দেশের যে কোনও একটির বিরুদ্ধে ‘আগ্রাসন’ ঘটলে একে অপরকে সাহায্য করবেন। যদিও আগ্রাসন বলতে তিনি কী বুঝিয়েছেন তা পরিষ্কার ছিল না।
অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার বিনিময়ে অস্ত্র সরবরাহ করে ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ রয়েছে কিমের বিরুদ্ধে।
এমনকি রাশিয়া ইউক্রেইন যুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বলে প্রমাণ পাওয়া গেছে।
পুতিনের জন্য কিমের সঙ্গে সম্পর্কটা অনেকটাই দীর্ঘমেয়াদী কিছু না বরং নিজের প্রয়োজনীয় কিছু উদ্দেশ্য হাসিলের জন্যই হয়ত এ বন্ধুত্ব।
যেমন ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনের সমর্থন প্রয়োজন, আর উত্তর কোরিয়ার উদ্দেশ্য অস্ত্র বিক্রি করা। ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার অস্ত্রের বড় জোগানদাতা হয়ে উঠেছে উত্তর কোরিয়া।
কারণ, দেশটির আছে বিশাল প্রতিরক্ষা শিল্প খাত এবং ব্যাপক মাত্রার উৎপাদন ক্ষমতা। তাই নিজেদের স্বার্থেই এই সমর্থন।
তার মানে এই নয় যে, উত্তর কোরিয়ার সাহায্য ছাড়া রাশিয়া যুদ্ধ চালাতে পারবে না। পুতিন এর জন্য মরিয়া নন। তবে দীর্ঘদিন এ যুদ্ধ টিকিয়ে রাখতে পুতিনের প্রয়োজন সমর্থনের।
এর আগে ‘জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজ’ এর পরিচালক জেফরি লুইস বলেছিলেন, কিম ও পুতিন উভয়ই 'মার্কিন নিষেধাজ্ঞার নাগালের বাইরে বন্ধু ও অংশীদারদের একটি বিকল্প নেটওয়ার্ক তৈরি করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার যন্ত্রণা কমানোর চেষ্টা করছেন।
