২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে ‘চীনা গুপ্তচর মেয়রের’ যাবজ্জীবন জেল

ফিলিপিন্সের সাবেক মেয়র অ্যালিস গুওকে মানব পাচার এবং প্রতারণা কেন্দ্র পরিচালনায় ভূমিকার জন্য দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে আদালত।

ফিলিপিন্সে ‘চীনা গুপ্তচর মেয়রের’ যাবজ্জীবন জেল
অ্যালিস গুও। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ফিলিপিন্সের সাবেক এক মেয়রকে মানব পাচার এবং প্রতারণা কেন্দ্র পরিচালনায় ভূমিকার জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানী ম্যানিলার উত্তরের শহর বামবানের সাবেক এই মেয়র অ্যালিস গুও এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ লাখ পেসো (৩৩,৮৩২ ডলার) জরিমানা করেছে আদালত।

কর্তৃপক্ষ বামবানে ফিলিপিন্সের অন্যতম বড় প্রতারণা কেন্দ্র খুঁজে পাওয়ার পর থেকেই অ্যালিস গুওর মামলাটি সেদেশে আলোচনায় রয়েছে।

প্রতারণা কেন্দ্রটিতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ জন ফিলিপিনো এবং বিদেশিকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদেরকে জোর করে 'পিগ বুচারিং' অনলাইন প্রতারণা চালাতে বাধ্য করা হত।     

কয়েকসপ্তাহ পলাতক থাকার পর গ্রেপ্তার হন ৩৫ বছর বয়সী এই সাবেক মেয়র গুও। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের বিরুদ্ধে গুও আপিল করবেন কিনা তা স্পষ্ট জানা যায়নি।

তার বিরুদ্ধে অর্থপাচারসহ আরও পাঁচটি মামলা চলমান আছে। ২০২২ সালে গুও রাজধানী ম্যানিলার উত্তরের শহর বামবানের মেয়র নির্বাচিত হয়েছিলেন। 

স্থানীয়রা এর আগে বিবিসি-কে জানিয়েছিলেন, গুওকে সহানুভূতিশীল ও যত্নশীল নেতা হিসেবেই দেখা হত। কিন্তু ২০২৪ সালে অনলাইন ক্যাসিনোর আড়ালে প্রতারণা কেন্দ্রগুলো প্রকাশ্যে এলে পরিস্থিতি পালটে যায়।

স্থানীয়ভাবে এই প্রতারণা কেন্দ্রগুলো ফিলিপিন্স অনলাইন গেমিং অপারেশনস (পোগো) নামে পরিচিত। পোগো মূলত চীনের মূল ভূখণ্ডের গ্রাহকদের জুয়া খেলার জন্য ব্যবহার হয়, যেখানে জুয়া অবৈধ।

অ্যালিস গুও প্রথমে পুরো বিষয়টি জানেন না বলে দাবি করেন। তবে তার কার্যালয়ের কাছেই আট হেক্টর জায়গা জুড়ে অবস্থিত প্রতারণা কেন্দ্রর কথা না জানা থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয় পার্লামেন্টের এক তদন্তে।

পরে জানা যায়, ৩৬টি ভবন সম্বলিত ওই কম্পাউন্ডটির জমি আগে গুওর মালিকানায় ছিল। তাছাড়া, গুওর জীবনবৃত্তান্তেও অসংগতি পাওয়া যায়। 

তিনি ফিলিপিন্সে জন্মেছেন বলে দাবি করলেও তদন্তে দেখা যায়, কিশোরী বয়সে তিনি পরিবারসহ চীন থেকে ফিলিপিন্সে গিয়েছিলেন। ফিলিপিন্সের এমপি’রা পরে গুওর আঙুলের ছাপের সঙ্গে চীনা নাগরিক গুও হুয়া পিংয়ের সাদৃশ্য খুঁজে পান।

এসব ঘটনা সামনে আসার পর দ্রুতই তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। বিস্তারিত আরও তথ্য সামনে আসতে থাকার পর গুও ২০২৪ সালের জুলাইয়ে উধাও হয়ে যান।

এরপর তাকে ফিলিপিন্সে ফেরত আনতে ৪ দেশ জুড়ে আন্তর্জাতিকভাবে অভিযান চালানো হয়। ২০২৪ সালেরই সেপ্টেম্বরে তিনি ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হন এবং তাকে ফিলিপিন্সের কাছে হস্তান্তর করা হয়।