ইউক্রেইনে গণভোটের আয়োজকদের ওপর নিষেধাজ্ঞার পথে ইইউ
ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলের মুখপাত্র বলেছেন, অবৈধ গণভোটে যারাই সামিল হয়েছে তাদের সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে।
ইউক্রেইনের চার অধিকৃত অঞ্চলে রাশিয়ার গণভোটকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে এর আয়োজকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
যুক্তরাজ্য ও অন্যান্যদের সঙ্গে নিষেধাজ্ঞার পথে হাঁটার এ সিদ্ধান্ত মঙ্গলবার জানিয়েছে ইইউ।
ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলের মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলেছেন, অবৈধ, বেআইনি গণভোটে যারাই সামিল হয়েছে তাদের সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে।
ইউক্রেইনে প্রায় ৭ মাসের যুদ্ধের পর গত ২৩ সেপ্টেম্বর থেকে শিল্পসমৃদ্ধ দনবাস যে দুটি প্রদেশ নিয়ে গঠিত, সেই দোনেৎস্ক ও লুহানস্ক এবং জেপোরোজিয়া ও খেরসনে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল। মঙ্গলবার এ ভোট শেষ হয়। এই ৪ অঞ্চল ইউক্রেইনের মোট ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ।
পশ্চিমা দেশগুলোর সরকার এইগণভোটকে ন্যাক্কারজনক এবং অবৈধ আখ্যা দিয়েছে। ভোটের শেষ দিন মঙ্গলবারেই ২৭ জাতি ইইউ এই গণভোট অনুষ্ঠানের জন্য রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছে।
ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলের এক উচ্চপদস্থ কর্মকর্তা লুক ডেভিগনে আলাদাভাবে ইইউ আইনপ্রণেতাদেরকে বলেছেন, “এই গণভোটের সর্বসাম্প্রতিক পদক্ষেপের সঙ্গে যারা যারা স্পষ্টতই জড়িত তাদেরকে আমরা নিষেধাজ্ঞার আওতাভুক্ত করব।”
তবে নিষেধাজ্ঞা আরোপ করতে হলে ইইউ সদস্যদেশগুলোর সর্বসম্মতিতেই তা হতে হবে। হাঙ্গেরি এরই মধ্যে ইউক্রেইনে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ইউরোপের জন্য হিতে বিপরীত হয়েছে বলে সমালোচনা করেছে।
যদিও রাশিয়ার কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ইইউ দেশগুলোর মধ্যে সাধারণভাবে একটি মতৈক্য আছে।
ইউক্রেইনের চার অঞ্চলে ৫ দিন ধরে চলা গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ‘বিপুল জনরায়’ এসেছে বলে জানিয়েছেন ওই এলাকাগুলোর মস্কোপন্থি প্রশাসনের কর্মকর্তারা।
গণভোটের ফল পক্ষে আসায় রাশিয়া স্বল্প সময়ের মধ্যেই ওই অঞ্চলগুলো নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগামী শুক্রবারেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে একদিন আগেই জানিয়েছিল যুক্তরাজ্য।
তবে ইইউ বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেলের মুখপাত্র স্টানো ও উর্ধ্বতন কর্মকর্তা ডেভিগনে দুইজনই জানিয়েছেন, ইইউ রাশিয়ার এই গণভোটের ফলকে স্বীকৃতি দেবে না।
ডেভিগনে বলেছেন, “আমরা এ ব্যাপারে পরিষ্কার যে, তথাকথিত এই গণভোটে যারাই জড়িত তাদেরকেই জবাবদিহি করতে হবে এবং এর পরিণতিতে কড়া ব্যবস্থার মুখেও পড়তে হবে।”
নতুন নিষেধাজ্ঞায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু ডেভিগনে জানাননি।
তবে বলেছেন, এর আওতায় রাশিয়ার আমদানি ও রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা বহাল হবে। রাশিয়ার কিছু ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে এবং বেশকিছু কোম্পানি ও ব্যক্তিও নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হবে।
ইউক্রেইনের কাছ থেকে দখল করা অঞ্চলে কথিত গণভোট আয়োজনের ঘটনায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে কানাডাও।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডা কখনও এ গণভোটের ফল বা ইউক্রেইনের ভূখণ্ড অবৈধভাবে দখলের রাশিয়ার চেষ্টাকে স্বীকৃতি দেবে না।
ইউক্রেইনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার এই প্রচেষ্টায় জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তিনি মন্তব্য করেন।
