চীনে তেল বিক্রি ‘হ্রাস করতে যুক্তরাষ্ট্রের উচিত ইরানকে চাপ দেওয়া’
হোয়াইট হাউজে এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
চীনে ইরানের তেল রপ্তানি হ্রাস করার জন্য যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত বলে একমত হয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মার্কিন ডিজিটাল সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস দুই মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, গত বুধবার হোয়াইট হাউজে এক বৈঠকে দুই নেতা এ বিষয়ে একমত হন।
অ্যাক্সিওস বিষয়টি সম্পর্কে অবহিত এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়েছে, যেখানে তিনি বলেছেন, “আমরা একমত হয়েছি যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে পূর্ণ শক্তি প্রয়োগ করবো, উদাহরণ হিসেবে, চীনে ইরানের তেল বিক্রি সংক্রান্ত।”
রয়টার্স জানায়, রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এটি দেশটির নতুন চান্দ্রবর্ষ উপলক্ষ্যে শুরু হওয়া জাতীয় ছুটির প্রথম দিন।
ইরানের রপ্তানি করা তেলের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে চীন। এই রপ্তানি কোনোভাবে যদি হ্রাস পায় তবে তেল বিক্রি থেকে আয় কমে যাবে ইরানের।
ইরানের পারমাণবিক কর্মসূচীকে ঘিরে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা চলছে। পারমাণবিক কর্মসূচী নিয়ে ইরান চুক্তি করতে রাজি না হলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই লক্ষ্যে ইরানের আশপাশের জলসীমায় নৌ-বহর মোতায়েন করেছেন তিনি।
আর মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘কয়েক সপ্তাহব্যাপী দীর্ঘ অভিযানের’ প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
তবে উত্তেজনা প্রশমণে একটি চুক্তির চেষ্টায় ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন ও ইরানি কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। এ আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো গেলে আপাতত ইরান হয়তো মার্কিন হামলা এড়াতে পারবে।
