১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারি বৃষ্টিতে নাইজেরিয়ায় অন্তত ২৫ মৃত্যু

মোকোয়া শহরের ৫০টি বাড়ি হয় ভেসে না হয় তলিয়ে গেছে। এখনও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে।

ভারি বৃষ্টিতে নাইজেরিয়ায় অন্তত ২৫ মৃত্যু
নাইজেরিয়ায় বর্ষা মৌসুম চলাকালে প্রতি বছর মে থেকে সেপ্টেম্বরে বিভিন্ন এলাকায় বন্যা দেখা যায়। ছবি: এক্স/আরব নিউজ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 09:25 AM

Updated : 26 Aug 2026, 12:49 PM

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে ভারি বর্ষণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বুধবার রাতে বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় মোকোয়া শহরের ৫০টি বাড়ি হয় ভেসে না হয় তলিয়ে গেছে; নিশ্চিত মৃতদের বাইরে ১০ জন এখনও নিখোঁজ।

আর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মৃতের সংখ্যা ২১ জানানো হয়েছে।

নাইজেরিয়ায় বর্ষা মৌসুম চলাকালে প্রতি বছর মে থেকে সেপ্টেম্বরে বিভিন্ন এলাকায় বন্যা দেখা যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল-বিল ও জলপথের উপর ঘরবাড়ি নির্মাণ এবং নর্দমায় আবর্জনা ফেলার কারণে আফ্রিকার এ দেশটি ঘন ঘন বন্যার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে।

নাইজেরিয়ার আবহাওয়া বিভাগ (নাইমেট) এর আগে বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ৩৬টি রাজ্যের মধ্যে নাইজারসহ অন্তত ১৫টি রাজ্যে আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছিল।

সাম্প্রতিক দশকগুলোর মধ্যে গত বছরের বন্যায় দেশটি এক হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু দেখেছে; বাস্তুচ্যুতও হয়েছিল প্রায় ১২ লাখ মানুষ।