১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানে বন্ধ ইন্টারনেট, ক্রিপ্টো ও ব্যাংকিং ব্যবস্থায় বিঘ্ন

শত্রুদের কাছ থেকে হুমকি ঠেকাতে ইন্টারনেটে প্রবেশে কড়াকড়ি করছে ইরান। ওদিকে, সাইবার হামলার জেরে বিঘ্নিত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ও ব্যাংকিং ব্যবস্থা।

ইরানে বন্ধ ইন্টারনেট, ক্রিপ্টো ও ব্যাংকিং ব্যবস্থায় বিঘ্ন
নোবিটেক্সের লোগো ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 12:40 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ইসরায়েলের সঙ্গে সংঘাতের ষষ্ঠ দিনে ইরানের ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে।  ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা অচল হয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

মঙ্গলবার বিকাল থেকেই ইন্টারনেট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে ইরানে। ইসরায়েলের হামলার কারণে নয় বরং ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ হয়েছে।

ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে আপাতত ইন্টারনেটে কড়াকড়ি করার কথা জানিয়েছে।  

বিবৃতিতে মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তারা সামরিক উদ্দেশ্য সিদ্ধির জন্য ইরানের জাতীয় যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার করছে।

‘শত্রুদের কাছ থেকে’ হুমকি ঠেকাতেই ইন্টারনেটে প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে বলে ইরানি গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যোগাযোগমন্ত্রণালয়।

ইরানে ইন্টারনেট সংযোগ কমে যাওয়ায় এবং কোথাও কোথাও খুবই ধীরগতির ইন্টারনেটের কারণে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে ইরানিদের।

যদিও দেশের ভেতরের যোগাযোগ পরিষেবা এবং প্লাটফর্মগুলোতে প্রবেশ করা যাচ্ছে বলে জানিয়েছে ইরানের যোগাযোগ মন্ত্রণালয়।

কিন্তু ধীরগতির ইন্টারনেটের কারণে বিদেশি সাইট দেখার জন্য ব্যবহৃত ভিপিএন-এর মতো পরিষেবাগুলো ঠিকমত পাচ্ছে না ইরানিরা। যোগাযোগের জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যাপও বন্ধ রেখেছে ইরান সরকার।

বুধবার ইরানের অনলাইন ডিজিটাল কারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স, যে ব্যবস্থায় ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হয়, তা নিরাপত্তায় হুমকির কারণে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে একটি ইরানি পত্রিকা।

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের উপর কিছু বিধিনিষেধ আরোপ হওয়া ছাড়াও ব্যাংকিং ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। ইরানের সশস্ত্রবাহিনী সংশ্লিষ্ট সেপাহ ব্যাংকে সাইবার হামলার জেরে এই অচলাবস্থা দেখা দেয়।

ইসরায়েলপন্থি একটি হ্যাকার গ্রুপ ‘প্রিডেটোরি স্প্যারো’ বুধবার ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্সে সাইবার হামলা চালিয়ে ৯ কোটি ডলার হাতিয়ে নেয়।

এই এক্সচেঞ্জের মধ্য দিয়ে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে সন্ত্রাসে তহবিল যোগাচ্ছিল বলে হ্যাকার গ্রুপটি অভিযোগ করেছে।  

প্রিডেটোরি স্প্যারো হ্যাকার গ্রুপ ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলেই মনে করে ইরান। বুধবার ইরানের আরেকটি ব্যাংকও সাইবার হামলার নিশানা হয়েছে। তবে ব্যাংকটির সরকারি তহবিল নিরাপদে আছে বলে জানান সরকারের এক মুখপাত্র।