১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু

কী থেকে এই আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি। তবে বাসিন্দারা দাবি করেছেন, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু
দিল্লির বিবেক বিহার এলাকায় চারতলা এই আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 03:07 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় চারতলা এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এক বছর বয়সী একটি শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। 

রোববার ভোররাতের এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। 

এনডিটিভি জানিয়েছে, ভোররাত প্রায় ৪টার সময় ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। এর পরপরই দমকলের ১৪টি গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। তখন দমকল কর্মকর্তারা দেখেন, আগুন ভবনটি তিন তলা ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়েছে।   

কর্মকর্তারা জানিয়েছেন, তারা ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছেন। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় এক পরিবারের তিনজন আর প্রথম তলায় একজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। 

দুই ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তারপরও ভবনটির বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটিতে তল্লাশি চালানো হয়। 

কী থেকে এই আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি। তবে বাসিন্দারা দাবি করেছেন, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।