২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ঘণ্টায় ১৬ জনের প্রাণ যায় সড়কে

একশ কোটি মানুষের দেশ ভারতে প্রতি ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 11:52 AM

Updated : 22 Aug 2022, 12:49 PM

২০১৪ সালে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি নিয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) একটি জরিপ প্রতিবেদন উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া রোববার এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভারতে সড়ক দুর্ঘটনার তথ্য যখন থেকে সংগ্রহ শুরু হয়েছিল, তার মধ্যে ২০১৪ সালটি ছিল ভয়াবহতম।

গেল বছর এক লাখ ৪১ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যে সংখ্যাটি ২০১৩ সালের চেয়ে তিন শতাংশ বেশি। এই ৩৬৫ দিনে দুর্ঘটনা ঘটেছিল সাড়ে চার লাখ এবং এতে আহত হন ৪ লাখ ৮ হাজার মানুষ।

বেপরোয়া গাড়ি চালানোকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে এনসিআরবি। 

২০১৪ সালে সংঘটিত দুর্ঘটনার মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ দুই লাখ দুর্ঘটনা ঘটেছে চালকদের দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য। এতে প্রায় ৪৯ হাজার মানুষের প্রাণ যায়।

আর বেপরোয়া হয়ে চালকদের বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে ১ লাখ ৪০ হাজারটি এবং এতে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।  

২০১৪ সালের দুর্ঘটনাগুলোতে ১৩ হাজার ৭৮৭ জন চালক মারা গেছেন, যারা মোটর সাইকেল কিংবা সাইকেল চালাচ্ছিলেন। আহতের মধ্যে অন্যান্য যানবাহনের আরোহী ছিলেন ২৩ হাজার ৫২৯ জন।

দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক ও রাজস্থানে। প্রায় দেড় লাখ দুর্ঘটনার ৪০ শতাংশই ঘটেছে এই পাঁচটি রাজ্যে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটির ৫৩টি বড় শহরের মধ্যে রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই শহরে ২ হাজার ১৯৯ জন জন প্রাণ হারিয়েছেন সড়কে।

এছাড়া চেন্নাইতে ১ হাজার ৪৬ জন, ভোপাল ১ হাজার ১৫ জন, জয়পুরে ৮৪৪ জন দুর্ঘটনায় প্রাণ হারান।

জরিপে বলা হয়েছে, দুর্ঘটনার এক-ষষ্ঠাংশ ঘটেছে আবাসিক এলাকার কাছে। স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দুর্ঘটনার হার ৫ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে বিভিন্ন দিকের তথ্য থাকায় এর প্রশংসা করলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সড়ক নিরাপত্তা বিশ্লেষক রোহিত বালুজা।

তিনি বলেন, পুলিশের তদন্ত যদি বিজ্ঞানসম্মত না হয়, তাহলে এসব তথ্য-উপাত্তের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

পুরনো খবর:

‘ভারতে ২০১৪ সালে সাড়ে ৫ হাজার কৃষকের আত্মহত্যা’