নাইজেরিয়ায় জোড়াবোমা বিস্ফোরণে নিহত ২৫
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ গম্বেতে জোড়া বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ)একজন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে মাঠকর্মীরা ২৫টি লাশ উদ্ধার করেছে।
তবে নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আশঙ্কা করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
মুসা গাম্বো নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘরে বানানো বোমায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার দেশটিতে ঈদ উপলক্ষ্যে মানুষজন স্থানীয় বাজারে কেনাকাটা করছিলেন। ফলে সেখানে উপচেপড়া ভিড় ছিল। এ কারণেই হতাহতের সংখ্যা এত বেশি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণকে হামলা আখ্যা দিয়ে এর জন্য ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে স্থানীয় মানুষ।
পশ্চিম আফ্রিকার এই দেশে হামলা চালানোর পর সাধারণত এই গোষ্ঠীটি দায় স্বীকার করে থাকে।
আফ্রিকার সবচে জনবহুল দেশ নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে বোকো হারাম হামলা চালিয়ে আসছে। এ পর্যন্ত তাদের হামলায় ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
নাইজেরিয়ার কর্তৃপক্ষ এই সন্ত্রাসী ও খুনী গোষ্ঠীটিকে নির্মূলে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা চাইছে।
জঙ্গি এই গোষ্ঠীটি দেশটির সংবিধানে শরিয়া আইন প্রবর্তন করতে চায়।
