অপহৃত ভারতীয় পুলিশদের লাশ উদ্ধার
ভারতের মাওবাদী বিদ্রোহীদের হাতে অপহৃত চার পুলিশের লাশ ছত্তিশগড় রাজ্যের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
রাজ্যের বিজাপুর জেলা পুলিশের কর্মকর্তা কেএল ধ্রুব বিবিসিকে জানিয়েছেন, বুধবার ভোররাতে জেলার কুটরু গ্রামের কাছ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
সোমবার বিজাপুরে পুলিশের একটি বাস থামিয়ে বাহিনীর ওই সদস্যদের অপহরণ করেছিল বিদ্রোহীরা। কুটরু গ্রামটি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার ভিতরে। স্থানটি রাজ্যের প্রধান শহর রায়পুর থেকে প্রায় ৫২৫ কিলোমিটার দক্ষিণে।
মাওবাদীরা বলছে, তারা কমিউনিস্ট শাসন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং গ্রামীণ এলাকার দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
১৯৬০-র দশকের শেষ দিকে পশ্চিমবঙ্গ থেকে মাওবাদী বিদ্রোহের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে ভারতের ৬৭৬টি জেলার এক-তৃতীয়াংশে এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
ছত্তিশগড় রাজ্যটিও মাওবাদী অধ্যুষিত। এখানে প্রায়ই নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ডিসেম্বরে মাওবাদীদের এক চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহকে দেশটির ‘সবচেয়ে বড় অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি’ বলে মন্তব্য করেছিলেন।
