২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার মাছের মৃত্যুর তদন্ত করছে ব্রাজিল

স্বাদু পানির বিশাল একটি অ্যাকুরিয়ামে ছাড়ার জন্য আমদানী করা ১০ হাজার মাছের মৃত্যুর কারণ বের করতে তদন্ত শুরু করেছেন ব্রাজিলের সরকারি আইনজীবীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 12:52 PM

Updated : 25 Apr 2022, 01:36 PM

বিবিসি জানিয়েছে, ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় শহর ক্যাম্পো গ্রান্দেতে চলা ওই প্রকল্পের কাজের ধীরগতির জন্য মাছগুলোকে অস্থায়িভাবে বানানো কয়েকটি জলাধারে রাখা হয়েছিল, সেখানেই মাছগুলো মারা যায়।

মাছগুলো রক্ষণাবেক্ষণের চুক্তিতে নিয়োজিত কোম্পানি আনাম্বি শীত পড়ার পর মে মাসে হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মাছগুলো মরে যায় বলে দাবি করেছে।

কিন্তু মাতো গ্রোসো দো সুল রাজ্য কর্তৃপক্ষ মাছের মৃত্যুর জন্য ওই কোম্পানিকেই দায়ি করেছে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, এক পরীক্ষায় অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও জলাধারগুলোকে যথাযথভাবে পরিষ্কার না করার প্রমাণ পাওয়া গেছে।

মারা যাওয়া মাছের বেশিরভাগ আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে আমদানি করা হয়েছিল। ছয়মাস আগেই একটি স্থায়ী অ্যাকুরিয়ামে মাছগুলোকে ছেড়ে দেওয়ার কথা ছিল।

আনাম্বির কর্মকর্তা আগুস্তো সিলভা সাও পাওলোর একটি সংবাদপত্রে বলেছেন, “জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মাছগুলো ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকুরিয়ামগুলো প্রস্তুত ছিল না।”

মাতো গ্রোসো দো সুলের পূর্ববর্তী গভর্নর আন্দ্রে পুসিনেল্লি এই অ্যাকুরিয়াম প্রকল্পটির উদ্যোক্তা। নির্মাণ শেষে এই অ্যাকুরিয়াম দেখতে হাজার হাজার পর্যটক ক্যাম্পো গ্রান্দেতে আসবেন বলে আশা করা হয়েছিল।

কিন্তু এ পর্যন্ত পাঁচ কোটি ডলার (প্রায় ৪০০ কোটি টাকা) ব্যয় করেও প্রকল্পের কাজ শেষ করা যায়নি, কবে শেষ হবে তাও পরিষ্কার নয়।

প্রতিবেশী বলিভিয়া ও প্যারাগুয়েসহ ব্রাজিলের মাতো গ্রোসো দো সুল রাজ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় স্বাদুপানির জলাভূমি প্যানটানাল। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জলাভূমি দেখতে আসেন। প্রধানত ক্যাম্পো গ্রান্দে হয়েই তারা প্যানটানাল ভ্রমণে যান।