‘গার্ল গ্যাং’র পিটুনিতে অজ্ঞান এমপি’র ছেলে
যুক্তরাজ্যের রক্ষণশীল দলের এক এমপি’র ছেলেকে ‘গার্ল গ্যাংয়ে’র সদস্যরা পিটিয়ে অজ্ঞান করে ফেলে রেখে গেছে।
শনিবার স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ পায়।
শুক্রবার লন্ডনের ল্যাস্টার স্কয়ারে কেএফসি’র একটি আউটলেটে এ ঘটনা ঘটে।
ইন্ডিপেনডেন্টকে কেনসিংটন আসনের প্রতিনিধি লেডি ভিক্টোরিয়া বরউইক বলেন, তার ছেলে টম বরউইক (২৭) শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ল্যাস্টার স্কয়ারে কেএফসি’র আউটলেটের সামনে খাবার কেনার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। এই সময় ‘গার্ল গ্যাংয়’র সদস্যরা তাকে আক্রমণ করে।
“গার্ল গ্যাংয়ের তিন নারী প্রথমে বরউইককে ধাক্কা দেয়। তাদের একজন আমার ছেলের পায়ে ক্রমাগত লাথি মারতে থাকে। এরপর তারা চিৎকার করতে থাকে এবং কিলঘুষি মারতে শুরু করে।”
টমের দাবি, যখন তার উপর আক্রমণ হয় তখন কেএফসি’র নিরাপত্তাকর্মীরা ঘটনাটি দাঁড়িয়ে দেখছিল।
“এরপর তারা আমাদের রাস্তায় বের করে দেয়। রাস্তায় ওই নারীরা আবারও আমার উপর আক্রমণ চালায়।”
এক পর্যায়ে টম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
