ইরান চুক্তি হতে সময় লাগতে পারে সোমবার পর্যন্ত
চূড়ান্ত পরমাণু চুক্তিতে পৌঁছতে ইরান ও ছয় বিশ্বশক্তির সোমবার পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এ নিয়ে দু’সপ্তাহে আলোচনার সময় বাড়ল তিনবার। চুক্তি পাকা করার পথে পশ্চিমারা বাধ সাধছে বলে অভিযোগ ইরানের।
দু’সপ্তাহের আলোচনায় উভয়পক্ষই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে। কিন্তু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড আলোচনার গতি খুবই ধীর বলে জানিয়েছেন।
চূড়ান্ত পরমাণু চুক্তি করার সময়সীমা ছিল শুক্রবার। কিন্তু আলোচনায় অগ্রগতি হলেও চুক্তি সই করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ভিয়েনায় বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দু’পক্ষের আলোচনা চলছে।
ইরানের ওপর থেকে জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া, ইরানের সামরিক স্থাপনাগুলো পরিদর্শন এবং ইরানের অতীত পরমাণু কার্যক্রম সংক্রান্ত তথ্য আদায়ের মত বিষয়গুলো নিয়ে আলোচনায় দু’পক্ষের বনিবনা হচ্ছে না।
পরমাণবিক কর্মসূচির মাধ্যমে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী রাষ্ট্রগুলো। এর বিপরীতে নিজেদের পরমাণু কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান।
