‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি রাশিয়া’
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে রাশিয়া। র্শীষ সামরিক পদের এক মার্কিন জেনারেল জোসেফ ডানফোল্ড একথা বলেছেন।
সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান হিসাবে নিয়োগ চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া চলাকালে মেরিন কোর কমান্ডার জেনারেল ডানফোল্ড বলেন, “রাশিয়ার বর্তমান কার্যকলাপ উদ্বেগজনক।”
রাশিয়া গতবছর ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপকে ত্বরান্বিত করেছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার সিনেটরদেরকে ডানফোল্ড বলেছেন, যদি কোনো দেশকে এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় হুমকি বলে মনে করা হয়, তবে তা হবে রাশিয়া।
রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করতে ইউক্রেইনে ভারি অস্ত্রশস্ত্র পাঠানোও উচিত বলে মত দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কিছু কিছু আইনপ্রণেতা ইউক্রেইন সরকারকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের পক্ষে রয়েছেন। এ ধরনের অস্ত্র ইউক্রেইনকে দেয়া না হলে তারা রাশিয়ার আগ্রাসন রুখতে পারবে না বলে মন্তব্য করেন ডানফোল্ড।
