কনফেডারেট পতাকা অপসারণের সিদ্ধান্ত
রাজ্যের আইনসভার ভবনের সামনে থেকে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধকালীন বিদ্রোহী বাহিনীর পতাকা কনফেডারেট ফ্ল্যাগ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ক্যারোলাইনার আইনসভা।
বিতর্কিত এই পতাকাটি নিয়ে আইনসভায় টানা ১৩ ঘন্টা বিতর্কের পর বৃহস্পতিবার দিনের শুরুতে পতাকা সরিয়ে নেওয়ার প্রস্তাবটি পাস হয়।
১৮৬১ থেকে ’৬৫ সাল পর্যন্ত চলা যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে বিদ্রোহী পক্ষের এই পতাকাটিকে অনেকে দাসত্ব ও বর্ণবাদের প্রতীক হিসেবে বিবেচনা করেন, অপরদিকে পতাকাটিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর উত্তরাধিকার হিসেবেও বিবেচনা করেন অনেকে।
দক্ষিণ ক্যারোলাইনার সিনেট প্রস্তাবটি আগেই অনুমোদন করে দিয়েছিল। রাজ্য প্রতিনিধি পরিষদের তৃতীয় ও চূড়ান্ত ভোটে ৯৪-২০ ভোটে প্রস্তাবটি পাশ হয়।
এখন গভর্নর নিক্কি হ্যালে প্রস্তাবটিতে স্বাক্ষর করলেই এটি রাজ্যের আইনে পরিণত হবে। প্রস্তাবটিতে স্বাক্ষর করবেন বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন হ্যালে।
হ্যালের স্বাক্ষরের মাধ্যমে বৃহস্পতিবারের মধ্যেই প্রস্তাবটি আইনে পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো দাসপ্রথা বহাল রাখার পক্ষে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। যুক্তরাষ্ট্র ইউনিয়ন থেকে বের হয়ে গিয়ে এই রাজ্যগুলো একটি কনফেডারেশন রাষ্ট্র ঘোষণা করেছিল, এই রাষ্ট্রের পতাকাই কনফেডারেট পতাকা।
গৃহযুদ্ধে কনফেডারেট রাজ্যগুলোর পরাজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দাসপ্রথার অবসান হয়। দক্ষিণের এই রাজ্যগুলোর মধ্যে দক্ষিণ ক্যারোলাইনা ছিল অন্যতম। এই রাজ্যের চার্লসটন বন্দর শহর থেকেই গৃহযুদ্ধের সূচনা হয়েছিল।
গত ১৭ জুন চার্লসটনের কৃষ্ণকায়দের একটি ঐতিহাসিক গির্জায় প্রার্থনারতদের উপর গুলি চালিয়ে নয় কৃষ্ণকায়কে হত্যা করেছিল এক বর্ণবাদী শ্বেতকায় তরুণ। এই তরুণকে গ্রেপ্তারের পর ইন্টারনেটে তার পোস্ট করা ছবিগুলোতে কনফেডারেট পতাকা নিয়ে বেশ কিছু ছবি ও বর্ণবাদী ইস্তেহারের খোঁজ পাওয়া যায়।
এসব কিছুর প্রেক্ষিতে রাজ্যের আইনসভার সামনে থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা সরানোর দাবি জোরদার হয়।
