২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনায় বেঁচে গেলেন মা-সন্তান

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি জঙ্গলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পাঁচদিন পর এক নারী ও তার শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 11:37 AM

Updated : 12 Oct 2022, 03:55 PM

কলম্বিয়ার বিমান বাহিনী প্রধান এ ঘটনাকে অলৌকিক বলে অভিহিত করেছেন।

বিবিসি বলছে, চোকো প্রদেশে জঙ্গলে বিধ্বস্ত ছোট সেসনা বিমানের কাছ থেকে উদ্ধারকারীরা ১৮ বছর বয়সী মারিয়া নেল্লি মুরিল্লো ও তার একবছর বয়সী ছেলেশিশুকে উদ্ধার করে।

দুর্ঘটনায় মুরিল্লো সামান্য আহত হলেও তার শিশু সম্পূর্ণ অক্ষত এবং সুস্থ রয়েছে।

Image
দুর্ঘটনাস্থলের মানচিত্র: ছবি: বিবিসি

দুর্ঘটনাস্থলের মানচিত্র: ছবি: বিবিসি

দুই ইঞ্জিনের বিমানটি শনিবার চোকো প্রদেশের রাজধানী কুইবদো থেকে সমুদ্রতীরবর্তী নুকুই শহরে যাচ্ছিল। পথে আলতো বাউদো অঞ্চলে এটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ এখনো জানা সম্ভব হয়নি।

সোমবার উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানটির কাছে পৌঁছতে সক্ষম হন। বিমানটির পাইলট কার্লোস মারিয়ো সেবাল্লোসকে ককপিটে মৃত অবস্থায় পাওয়া যায়।

১৪ জনের একটি উদ্ধারকারী দল জঙ্গলটিতে তিনদিন খোঁজাখুঁজির পর বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পান।