সিরিয়ায় সবচে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ
সিরিয়ায় প্রায় চার বছরের গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বেসামরিক নাগরিকরা সরকারি ও বিদ্রোহী উভয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের তদন্তকারীরা মঙ্গলবার সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছেন, এ বছর প্রায় প্রতিদিন আলেপ্পোতে ব্যারেল বোমা ফেলেছে সিরিয়ার সরকারি বাহিনী। যেখানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেলা যুদ্ধাপরাধ। অন্যদিকে, বিদ্রোহী দলগুলোর গোলা বর্ষণে সেখানে প্রচুর মানুষ হতাহত হয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ও বিদ্রোহী বাহিনীর ক্ষমতা দখলের লড়াইয়ে সঙ্গে এখন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এলাকা দখলের লড়াইয়ে সেখানকার সাধারণ মানুষের জীবনে নিদারুণ দুর্দশা নেমে এসেছে।
সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুহারা হয়ে শরণার্থীর জীবন বেছে নিতে বাধ্য হয়েছে ৪০ লাখের বেশি মানুষ।
এ বছর সরকারি বাহিনীর বিমান ও হেলিকপ্টার আলেপ্পো প্রদেশের পূর্বাঞ্চলে প্রচন্ড বোমা বর্ষণ করেছে। যেগুলোর অধিকাংশই ব্যারেল বোমা।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, “নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু ছাড়া কোনো এলাকায় নির্বিচারে ব্যারেল বোমা ফেলা হলে তা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। পূর্বের নথিপত্র অনুযায়ী, বেসামরিক মানুষকে লক্ষ্য করে বোমা ফেলা যুদ্ধাপরাধের সামিল।”
তবে জাতিসংঘের এ তদন্ত প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন সিরিয়ার রাষ্ট্রদূত হুসাম এদ্দিন আলা।
বরং তিনি আইএস জঙ্গিদের দিকে আঙ্গুল তুলে বলেন, “আইএস জঙ্গিরা পালমিরা নগরী ধ্বংস করে ফেলেছে। শত শত মানুষকে হত্যা ও আহত করেছে। অথচ জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে সেগুলোর কথা বলা হয়নি।”
তুরস্ক, সৌদি আরব ও কাতারের যোগসাজশে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করতে জাতিসংঘ এ ধরনের প্রতিবেদন করছে বলেও অভিযোগ আলার।
