‘বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে’
বর্ণবিদ্বেষ এখনও সমাজের ‘ক্ষতি’ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের চার্লসটনে গির্জার ভেতর গুলির ঘটনার প্রতিক্রিয়া এ কথা বলে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
বর্ণবিদ্বেষী আচরণের ক্ষেত্রে শুধু সমবেদনা না জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি।
বুধবার রাতে দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটন শহরে কৃষ্ণাঙ্গদের একটি শতবর্ষী পুরনো গির্জায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্দেহভাজন খুনি ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ ডিলান স্ট্রম রুফ গির্জায় প্রবেশের পর গুলি করে কৃষ্ণাঙ্গ ছয় নারী ও তিন পুরুষকে হত্যা করে।
পুলিশ নর্থ ক্যারোলাইনা থেকে রুফকে গ্রেপ্তার করেছে। রুফের এ হত্যাকাণ্ডের পেছনে বর্ণবিদ্বেষই কারণ বলে ধারণা পুলিশের।
শুক্রবার ভিডিও লিংকের মাধ্যমে রুফকে চার্লসটনের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে বিবিসি।
ওই সময় নিহতদের পরিবারের কয়েকজন রুফের সঙ্গে সরাসরি কথা বলেন।
নিহত একজনের কন্যা অশ্রুসিক্ত নয়নে রুফকে বলেন, “আমি তোমাকে ক্ষমা করে দিলাম।” এ সময় রুফের মধ্যে কোন আবেগের প্রকাশ ছিল না।
সান ফ্রানসিসকোতে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “আপাতত দৃষ্টিতে অস্ত্রধারীর উদ্দেশ্য আমাদের জন্য সতর্ক বার্তা। বর্ণবাদ এখনও আমাদের সমাজকে ক্ষয় করে যাচ্ছে। আমাদের একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।”
“বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কারণ এটা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।”
“যখন বর্ণবাদ তরুণদের মনকে বিষাক্ত করতে থাকে, তখন এটা আমাদের আদর্শের সঙ্গে প্রতারণা এবং গণতন্ত্রের জন্য নিদারুণ দুঃখে।”
চর্লসটনে নিহতদের পরিবারের সদস্যরা রুফকে ক্ষমা করে দিয়েছেন শুনে ওবামা ক্ষমাশীলতা প্রদর্শনের জন্য তাদের উচ্চ প্রশংসা করেন।
তিনি বলেন, “এটা ছিল বিশ্বাসের অভিব্যক্তি যেটা কল্পনাতীত। কিন্তু এর দ্বারা আমেরিকার জনগণের মহানুভবতার প্রকাশ ঘটেছে।”
এদিকে রুফের বন্ধু ক্রিস্টন স্ক্রিভেন বিবিসিকে বলেন, রুফের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল চার্লসটনের একটি বিশ্ববিদ্যালয়।
স্ক্রিভেন নিজে একজন কৃষ্ণাঙ্গ। রুফ যে সত্যিই এমন একটি কাণ্ড ঘটাবেন সেটা তিনি ধারণা করতে পারেননি।
