২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলাকারী অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় কৃষ্ণাঙ্গদের গির্জায় ঢুকে ৯ জনকে গুলি করে হত্যাকারী শ্বেতাঙ্গ বন্দুকধারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 11:13 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

হত্যার ৯ টি অভিযোগে ২১ বছর বয়সী তরুণ ডিলান রুফকে অভিযুক্ত করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্থানীয় পুলিশ। এদিন জামিনের জন্য রুফের শুনানি অনুষ্ঠানেরও কথা রয়েছে।

চালর্সটোন পুলিশ বিভাগ জানিয়েছে, শুনানিতে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেয়ানো হবে রুফকে। সহিংস অপরাধ সংঘঠনের সময় আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগও আনা হচ্ছে তার বিরুদ্ধে।

নর্থ ক্যারোলাইনা থেকে গ্রেপ্তার হওয়ার পরপরই রুফের বিরুদ্ধে অভিযোগ আনা হল।

তার হামলা চালানোর ঘটনাটি তদন্ত করে দেখছেন মার্কিন কর্মকর্তারা। হামলায়  একজন ডেমোক্র্যাটিক সিনেটরসহ ৪ মন্ত্রী নিহত হয়েছেন।

বুধবার রাতের ওই হামলার ঘটনাকে ‘বর্ণবাদী ঘৃণাজনিত অপরাধ’ বলে বর্ণনা করেছেন চার্লসটনের  পুলিশ প্রধান গ্রেগরি মুলেন।

ডিলান রুফও হামলার চালানোর কথা স্বীকার করেছে এবং নতুন বর্ণবাদী সংঘাত উস্কে দেয়াই এর উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে সিএনএন।

চার্লসটনের আফ্রিকান-অ্যামেরিকান ওই গির্জায় হামলার সময় সেখানে প্রার্থনা সভায় জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ডাকা হয়।

গির্জার ভেতরে ঢুকে পুলিশ দেখতে পায়, ভেতরে আটজনের মৃতদেহ পড়ে আছে। আহত আরেকজন পরে হাসপাতালে মারা যায়।