২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখছে পাকিস্তান

রমজান মাসে মৃত্যুদণ্ড কার্যকর না করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 05:58 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

রোজার মাসের পবিত্রতা রক্ষা করতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রাদেশিক সরকারকগুলোকে একমাস মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার এ নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের বেশিরভাগ অঞ্চলে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

পাকিস্তানে এর আগে  মৃত্যুদণ্ড কার্যকর  বন্ধ  থাকলেও গত ডিসেম্বর মাস থেকে আবার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।  

তখন থেকে এ পর্যন্ত ১৭০ জনেরও বেশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান। এতে করে দেশটি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনারও শিকার হয়েছে।

পেশোয়ারের একটি স্কুলে তালেবান জঙ্গিদের ভয়াবহ হামলার পর সরকার নতুন করে অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে শুরু করে। ওই হামলায় স্কুলের শিক্ষক কর্মকর্তাসহ শতাধিক শিশু নিহত হয়।

বিশ্বে পাকিস্তানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আছে বলে ধারণা করা হয়। ৮ হাজার ২শ’ বন্দি মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে। যাদের অনেকেই এক দশকের বেশি সময় ধরে কারাগারে আছে।