২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলমোখতারের নিহত হওয়ার খবর অস্বীকার জঙ্গিগোষ্ঠীর

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অভিজ্ঞ আলজেরীয় জঙ্গি মোখতার বেলমোখতার নিহত হওয়ার দাবি লিবিয়ার একটি জঙ্গিগোষ্ঠী অস্বীকার করেছে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jun 2015, 03:29 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

মঙ্গলবার ট্যুইটারে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বলে দাবি করে সাতজনের নামের একটি তালিকা প্রকাশ করেছে লিবিয়ার জঙ্গিগোষ্ঠী আনসার আল শরিয়া। ওই তালিকায় দেয়া নামগুলোর সঙ্গে বেলমোখতারের নামের কোন মিল নেই।

রোববার লিবীয় সরকার জানিয়েছিল, আলজেরিয়া আমেনাস গ্যাস ফিল্ডে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ও উত্তর আফ্রিকার ইসলামপন্থি বিদ্রোহের অন্যতম শীর্ষ নেতা মোখতার বেলমোখতার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্যান্য জঙ্গি নেতাদের সঙ্গে নিহত হয়েছেন।

শনিবার রাতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়ায় ওই বিমান হামলা চালানো হয়। বেলমোখতারই এফ-১৫ যুদ্ধবিমান দিয়ে চালানো হামলার লক্ষ ছিল, এটি নিশ্চিত করেছিল পেন্টাগন। তবে ওই হামলায় বেলমোখতার নিহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেনি তারা।

আনসার আল শরিয়ার ট্যুইটার একাউন্টের বিবৃতিতে নিহত সাতজনের নাম দেয়ার পাশপাশি বলা হয়েছে, “নিহত এসব বীরদের প্রসংশা করার পাশপাশি এদের ছাড়া আর কারও নিহত হওয়ার দাবি আমরা অস্বীকার করছি, আমরা এই মাটির (লিবিয়া) সন্তানদের নাম প্রকাশ করেছি।” 

তবে এই বিবৃতির সত্যাসত্য নির্ণয় করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।