২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু যৌনপীড়ন: বিচারের মুখে সাবেক আর্চ বিশপ

যৌন হয়রানি ও শিশু পর্নোগ্রাফির অভিযোগে ভ্যাটিক্যানের সাবেক দূত জোসেফ ওয়েসলোভস্কিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 02:46 AM

Updated : 25 Apr 2022, 01:29 PM

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডমিনিকান রিপাবলিকে ভ্যাটিকানের দূত হিসেবে দায়িত্বপালনের সময় ওয়েসলোভস্কি শিশুদের যৌন নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

বিবিসি বলছে, ১১ জুলাই থেকে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

৬৬ বছর বয়সী ওয়েসলোভস্কির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণেরও অভিযোগ রয়েছে।

দুইবছর আগে দায়িত্ব নেয়ার পর থেকে নতুন পোপ ফ্রান্সিস দক্ষতার সঙ্গেই তার অঙ্গীকারগুলো একে একে পালন করে যাচ্ছেন।

কয়েকদিন আগেই যাজকদের শিশু নির্যাতনের ঘটনা বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল অনুমোদন করেন পোপ ফ্রান্সিস। এই ট্রাইব্যুনালের শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে।

আর তার কয়েকদিনের মধ্যেই সাবেক আর্চ বিশপ ও দূত জোসেফ ওয়েসলোভস্কির বিচারের প্রক্রিয়া শুরু হল।

যৌন অপরাধ ও শিশুপর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে এই প্রথম ভ্যাটিকানের সর্বোচ্চ কোনো কর্মকর্তা বিচারের মুখোমুখি হচ্ছেন।

ডমিনিকান ছেলেশিশুদের যৌনপীড়ন করার অভিযোগে পোল্যান্ডের নাগরিক ওয়েসলোভস্কিকে ২০১৩ সালে ডমিনিকান রিপাবলিক থেকে ভ্যাটিকানে ফেরত আনা হয়।

চার্চের এক ট্রাইব্যুনালে তিনি অপরাধী সাব্যস্ত হওয়ার পর তার পদ কেড়ে নেয়া হয়। এ ধরনের অভিযোগে চার্চের এত উচ্চ পর্যায়ে কারো পদ হারানোর ঘটনা এই প্রথম।

ভ্যাটিকানের অপরাধ আদালতে এখন তার বিচার হবে।

ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, ওয়েসলোভস্কি যে তথ্যপ্রযুক্তি কৌশল ব্যবহার করতেন তাও নিবিড়ভাবে পরীক্ষা করে দেখা হবে।

গেল বছরের সেপ্টেম্বর থেকে তিনি ভ্যাটিকানে গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

ভগ্ন স্বাস্থ্যের কারণে তাকে পুলিশের কারাগারে পাঠানো হয়নি বলে ভ্যাটিকান জানিয়েছে।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হলে তার ছয় থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।