সুদানি প্রেসিডেন্টের দক্ষিণ আফ্রিকা ছাড়ায় নিষেধাজ্ঞা
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক অভিযুক্ত সুদানি প্রেসিডেন্ট ওমর আল বশিরের দক্ষিণ আফ্রিকা ছাড়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির একটি আদালত।
রোববার মানবাধিকার গোষ্ঠী ‘সাউথ আফ্রিকান লিটিগেশন সেন্টার’ এর করা আবেদনের প্রেক্ষিতে এ বিধিনিষেধ আরোপ করে প্রিটোরিয়া হাই কোর্ট।
আদালতে দাখিল করা আবেদনে, বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য দক্ষিণ আফ্রিকা সরকারের উপর চাপ প্রয়োগের আর্জি জানানো হয়।
বর্তমানে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন উপলক্ষে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন বশির। নিজ দেশের দারফুরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। ২০০৯ সালে তাকে প্রথম অভিযুক্ত করা হয়।
বশির যেন দেশত্যাগ করতে না পারে, সেই বিষয়ে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করার’ বিষয়ে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আদালত, অপরদিকে সরকারকে মামলা মোকাবিলার প্রস্তুতি নিতে দিতে আবেদনের শুনানি সোমবার পর্যন্ত স্থগিত করেছে।
সোমবার বশিরের গ্রেপ্তারের আবেদনের বিষয়ে একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে আগত সব আফ্রিকীয় নেতাদের আগেই আইনি সুরক্ষা দিয়ে রেখেছে দক্ষিণ আফিকার সরকার, তাই শুনানিতে বশিরকে গ্রেপ্তারের আদেশ দেয়া হবে না বলেই মনে করা হচ্ছে।
আদালতের দেয়া রোববারের আদেশে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) । পশ্চিমা বিচার ব্যবহার করে আলাদাকরে আফ্রিকান নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য নেদারল্যান্ডের হেগ-ভিত্তিক আইসিসিকে অভিযুক্ত করেছে এএনসি।
এক বিবৃতিতে দলটি বলেছে, “এএনসি মনে করে, আন্তর্জাতিক অপরাধ আদালত যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তা পূরণ করতে না পারায় উপযোগীতা হারিয়েছে।”
“প্রধানত আফ্রিকা ও পূর্ব ইউরোপের দেশগুলো, আইসিসির প্রমাণের অযোগ্য সিদ্ধান্তগুলোর দায় বহন করছে, যার সর্বসাম্প্রতিক উদাহরণ সুদান।”
আদালতের আদেশের প্রতিক্রিয়ায় সুদান বলেছে, আদালতের আদেশের ‘কোনো মূল্য নেই।’
চলতি মাসে সুদানের প্রেসিডেন্ট হিসেবে আরো পাঁচ বছর দায়িত্বপালনের জন্য শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বশির।
