২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউরোপে অস্ত্র মজুদ করবে যুক্তরাষ্ট্র

পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলে ভারি অস্ত্র মজুদের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন ঠেকানো ও এ অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তানিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 08:44 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

নিউ ইয়র্ক টাইমসে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্বীকার করেছেন  পেন্টাগনের ওই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ বিভিন্ন হাতিয়ার আগে থেকেই মোতায়েন করে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

যুদ্ধ ট্যাংক, পদাতিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের যান ও অন্যান্য ভারি অস্ত্রসহ ৫ হাজার পর্যন্ত সেনা  মোতায়েনের পরিকল্পনা পেন্টাগনের রয়েছে বলে জানিয়েছিল নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনটির বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি কেবল বলেন, অস্ত্র মজুদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

প্রতিবেদনে বলা হচ্ছে, অস্ত্র মজুদের এ পরিকল্পনা অনুমোদন পেলে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বলয়ের কোন দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনেরপদক্ষেপ হবে এটিই প্রথম।

চলতি মাসে ব্রাসেলসে নেটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার পূর্ব ইউরোপ ও বাল্টিকে অস্ত্র মজুদের প্রস্তাব অনুমোদন করতে পারেন বলে মনে করা হচ্ছে ।

২০১৪ সালের মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া নিজ ভুখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়ার পর থেকেই ইউরোপীয় মিত্রদেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে অস্ত্র মজুদের এ প্রস্তাবটি এসেছে।

ইউক্রেইনের পূর্বাঞ্চলে এখনো অস্ত্রবিরতি উপেক্ষা করে চলছে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ।

ইউক্রেইন সঙ্কটের জন্য প্রথম থেকেই রাশিয়াকে দায়ী করে আসছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে, পূর্ব ইউরোপেসামরিক মহড়ার পর, এবার বাল্টিক অঞ্চলে ভারী অস্ত্র মোতায়েনের  পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র।

লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার পাশাপাশি পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া আর হাঙ্গেরিতেও অস্ত্র মজুদ করবে ওয়াশিংটন।