২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্টে আরোহণ এখনও বিপজ্জনক কি না জানতে চায় নেপাল সরকার

শক্তিশালী ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টে আরোহরণের পথ এখন কতটা নিরাপদ তা মূল্যায়ন করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছে নেপাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 10:09 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

২৫ এপ্রিল ও ১২ মে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্পে নেপালে অন্তত নয় হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

ভূমিকম্পের কারণে সৃষ্ট তুষার ধসে চাপা পড়ে মাউন্ট এভারেস্টে বেশ কয়েকজন পর্বতারোহীর মৃত্যু হয়।

এছাড়া ভূমিকম্পের কারণে এভারেস্টে আরোহণের অধিকাংশ পথ বন্ধ হয়ে গেছে।

আসন্ন বর্ষা মৌসুমে সেখানে আরও ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সাধারণত মৌসুমি বায়ুর প্রভাবে জুনের মাঝামাঝিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারি বৃষ্টিপাত হয়।

২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পরই পর্যটকরা নেপাল ছেড়ে চলে যান।

দেশটির হোটেল ও ট্রেকিং কোম্পানিগুলো জানায়, যাদের নেপালে আসার পরিকল্পনা ছিল তাদের প্রায় সবাই বুকিং বাতিল করেছেন।

নেপালে মোট জিডিপি’র প্রায় ৪ শতাংশ আসে পর্যটন খাত থেকে।

নেপালের পর্যটন অধিদপ্তরের প্রধান তুলসি প্রসাদ গৌতম বলেন, “ভূমিকম্পের পর অনেক ট্রেকিং গ্রুপ পর্বতারোহীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।”

“তাদের বীমার ব্যয়ও বাড়তে শুরু করেছে। এ কারণে নিরাপত্তা মূল্যায়নের জন্য আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আহ্বান জানিয়েছি। যাতে ট্রেকিং গ্রুপগুলোর আত্মবিশ্বাস বাড়ে।”

নেপালের ট্রেকিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রমেশ ধামালা বলেন, ইউরোপ, জাপান ও সিঙ্গাপুরের বেশ কয়েকজন ভূতত্ত্ববিদ বিষয়টি নিয়ে গবেষণার আগ্রহ প্রকাশ করেছেন।

ভূমিকম্পের পর নেপালের অর্থনীতি পুনগঠনে সাহায্য করতে পর্যটকদের সেখানে যাওয়ার অনুরোধ করেছে দেশটির সরকার।

বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি নেপাল। সেখানে অনেকের আয়ের একমাত্র উৎস পর্যটন।

ভূমিকম্পের কারণে এভারেস্টে আরোহণের বেশিভাগ পথ বন্ধ হয়ে গেছে। পথ পুনর্নিমানের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শেরপারা এই কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে।ফলে টানা দ্বিতীয় মৌসুমে এভারেস্টে আরোহণ বন্ধ রয়েছে।

এভারেস্টে আরোহণের তৃতীয় জনপ্রিয় ট্রেকিং রুট ছিল লাংটাং ভ্যালি। ভূমিকম্প পরবর্তী ভূমিধসে এক লাংটাং ভ্যালিতেই অন্তত কয়েকশ মানুষ মারা গেছে।

বৃহস্পতিবার নেপালের পূর্বাঞ্চলের জেলা তাপলেজুংয়ে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে কয়েক ডজন মানুষ।