২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের সঙ্গে আফগান নারী প্রতিনিধিদের বৈঠক

তালেবান গোষ্ঠীর সঙ্গে ভবিষ্যতে যে কোনো ধরনের ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে নারীদের অধিকার সুরক্ষায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আফগান নারীদের একটি প্রতিনিধি দল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 11:58 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

আফগান নারীদলের একজন প্রতিনিধির বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

দেশটির চলমান সহিংসতার শান্তিপূর্ণ সমাধানে আফগান সরকার ও তালেবান গোষ্ঠীর এই সাম্প্রতিকতম পদক্ষেপ সেই ইচ্ছারই প্রতিফলন।

কাতারে তালেবান প্রতিনিধি ও আফগান কর্তৃপক্ষের প্রতিনিদের মধ্যে বৈঠকের মাসখানেক সময়ের ব্যবধানে ওসলোতে নারী প্রতিনিধিদলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের এই বৈঠক হল।

তবে এই বৈঠকের অগ্রগতি সম্পর্কে সামান্য তথ্যই জনসমক্ষে প্রকাশিত হয়েছে।

প্রায় একডজন আফগান নারী প্রতিনিধি অসলোতে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নারী প্রতিনিধিদের অনেকেই নিজেদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করতে চান না।

তবে একজন ব্যতিক্রম রয়েছেন। তিনি আফগান পার্লামেন্টের সদস্য শুকরিয়া বারাকজাই। ২০১৪ সালে তাকে হত্যার জন্য আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান।

ওই হামলায় তিনি সামান্য আহতও হয়েছিলেন।

শুকরিয়া বারাকজাই জানান, আফগানিস্তানের নারীদের জন্য এই বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার এই ধারা অব্যাহত থাকা জরুরি।

তিনি এই বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন।

ভবিষ্যতে আফগানিস্তানে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে নারীর মৌলিক অধিকারের সুরক্ষা আফগান নারীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে।

দেশটিতে তালেবান শাসনামলে নারীরা অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এগুলোর মধ্যে কাজ ও শিক্ষাগ্রহণের অধিকারও রয়েছে।

অনেক নারীই আতঙ্কিত হয়ে রয়েছেন এই ভেবে, তালেবান গোষ্ঠী তাদের প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করতে পারলে তাদের জীবন আবারও দুর্বিষহ হয়ে উঠবে।