২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারালো তুরস্কের ক্ষমতাসীন দল

দীর্ঘ ১৩ বছর পর পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 10:57 AM

Updated : 12 Oct 2022, 03:47 PM

রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ৯১ শতাংশ ভোট গণনা শেষে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের প্রতিষ্ঠিত একে পার্টি ৪১ শতাংশ ভোট পেয়েছে।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
 
এতে পার্লামেন্টে একেপি ২৫৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সংখ্যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন থেকে ১৮টি কম।
 
নিরঙ্কুশ এই সংখ্যাগরিষ্ঠতার জন্য একে পার্টিকে ২৭৬টি আসন পেতে হতো। 

আগের বারের মতোই এবারও পার্লামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ।  সিএইচপি পেয়েছে ২৫ শতাংশ ভোট। 

অপরদিকে সবাইকে বিস্মিত করে কুর্দি প্রভাবিত পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) ১০ শতাংশেরও বেশি ভোট পেয়ে প্রথমবারের মতো পার্লামেন্টে উল্লেখযোগ্য আসন পেতে যাচ্ছে।

এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে তুরস্কের সংবিধান পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রেসিডেন্ট পদ্ধতির শাসন প্রবর্তন করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। 
 
কিন্তু নির্বাচনের অপ্রত্যাশিত ফলাফলে তার পরিকল্পনা বড় ধরনের একটি ধাক্কা খেল। 

নির্বাচনী বাস্তবতায় এখন সরকার গঠনের জন্য তার সংখ্যাগরিষ্ঠ দলকে অপর কোনো দলের সঙ্গে জোট গঠন করতে হবে অথবা এককভাবে দুর্বল সরকার গঠন করতে হবে। 
 
২০০৩ সালে প্রধানমন্ত্রী হওয়ার মধ্যদিয়ে তুরস্কের ক্ষমতায় আসা এরদোয়ান ১৩ বছরের ক্ষমতাকালে এ রকম পরিস্থিতিতে আর পড়েননি। 

নির্বাচনের এই ফলাফলে একে পার্টির সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে। তবে দলের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এই ফলাফল মেনে নিয়েছেন।

নিজের শহর কোনিয়া থেকে রাজধানী আঙ্কারার উদ্দেশে রওয়ানা হওয়ার সময় তিনি বলেছেন, “জনগণের সিদ্ধান্তই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।”  

পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারাতে হতে পারে, একে পার্টির মধ্যে এ ধরনের কোনো শঙ্কাই ছিল না। 
 
এইচডিপি-র চিত্র এর সম্পূর্ণ বিপরীত। এই প্রথম একক দল হিসেবে নির্বাচন করলো দলটি। প্রায় নির্বাচনী জুয়ার মতো এ সিদ্ধান্তে শতভাগ সফল হয়েছে দলটি। 
 
দলটি ১০ শতাংশের বেশি ভোট পাওয়ার লক্ষ্য সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আর অর্জন করেছে ১৩ শতাংশ ভোট। এতে পার্লামেন্টে ৭৫ থেকে ৮০টি আসন পাওয়ার মধ্যদিয়ে তুরস্কের জাতীয় পর্যায়ে সংখ্যালঘু কুর্দিদের সরব উপস্থিতির সুযোগ তৈরি হল।  

এইচডিপি শুধু কুর্দি বিষয়েই সরব না, এরদোয়ানবিরোধী বামপন্থী এই দলটি প্রত্যেকের সমান অধিকার, পরিবেশেগত উদ্বেগ ও সমকামী অধিকার নিয়েও সরব।

এইচডিপি সাফল্যের মধ্য দিয়ে তুরস্কের রাজনীতিতে একটি নতুন যুগ শুরু হতে পারে, যে যুগ এরদোয়ানের মেরুকরণ প্রবণ রাজনীতির অবসান ঘটাতে পারে।