পাকিস্তানে রোহিঙ্গাদের জন্য বিশেষ কমিটি
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সহযোগিতা করাসহ তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য বিশেষ কেবিনেট কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
কমিটির সদস্যদের মধ্যে আছেন, পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান, জাতীয় ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতমি।
রোববার এ কমিটির করণীয় নিয়ে রাজধানী ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও অন্যান্য মন্ত্রীরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বর্তমান করুণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকা এবং মানবাধিকার সংস্থাগুলোর অকার্যকারিতার সমালোচনা করেন চৌধুরি নিসার আলী খান।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ, ওআইসি এবং অন্য আন্তর্জাতিক সংস্থার নীরবতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্যও করেন নিসার।
মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলমানকে সরকার নাগরিক বলে স্বীকার করে না। গত কয়েক বছর ধরে রোহিঙ্গা মুসলমানদের ওপর উগ্রবাদী বৌদ্ধদের হত্যা ও নির্যাতনের ঘটনায় তারা দেশান্তরী হচ্ছে।
