২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২০ সেনা নিহত

ইয়েমেনের রাজধানী সানায় মাসিক বেতন তুলতে গিয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলায় ২০ ইয়েমেনি সেনা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2015, 04:20 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

রোববার সানার সেনা সদর দপ্তর লক্ষ্য করে জোট বাহিনী বিমান হামলা চালালে এ ঘটনা ঘটে, জানিয়েছেন সরকারি কর্মকর্তা ও সানার বাসিন্দারা।

সানার কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ওই সদর দপ্তরে চারবার বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তারা। সেনা সদর দপ্তরে বেতন নিতে আসা সেনাদের পাশাপাশি হুতি বিদ্রোহীরাও জড়ো হয়েছিলেন।

ইয়েমেনের ক্ষমতাচ্যুত সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে পুনরায় ক্ষমতাসীন করার লক্ষ্যের কথা বলে গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী সদর দপ্তর ছাড়াও সানার পূর্বে ও পশ্চিমের আরো কয়েকটি সেনা শিবিরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে শহরটির বাসিন্দারা। তবে এসব হামলায় কতোজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার ইয়েমেনি সেনা ও তাদের মিত্র হুতি বিদ্রোহীরা সৌদি আরবে একটি স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, আর তা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব।

স্কাড হামলার জের ধরে ইয়েমেনের সীমান্ত এলাকায় চালানো সোদি আরবের প্রতিশোধমূলক বিমান ও গোলা হামলায় ৩৮ ইয়েমেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বার্তা সংস্থা সাবা। তবে তাৎক্ষণিকভাবে এ খবরে সত্যাসত্য নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।