মিশরে ফের মুবারকের পুনর্বিচারের আদেশ
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারককে আবারো পুনর্বিচার করার আদেশ দিয়েছে দেশটির একটি আপিল আদালত।
২০১১ সালে বিক্ষোভকারী হত্যার মামলায় বৃহস্পতিবার এ আদেশ দেয় আদালত। আগামী ৫ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বার এ মামলার শুনানি হতে যাচ্ছে।
এর আগের পুনর্বিচারের পর মুবারক এ মামলায় খালাস পেয়েছিলেন, যদিও প্রথমে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।
২০১১ সালে গণআন্দোলন দমনে হোসনি মুবারক ৮০০ বিক্ষোভকারীকে হত্যা করেন। এ মামলারই পুনর্বিচারে ২০১৪ সালের নভেম্বরে তাকে খালাস দেয় আদালত।
এছাড়া, মুবারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবছর অপর এক মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়।
৮৭ বছর বয়স্ক হোসনি মুবারক বর্তমানে কায়রোর মাদি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে গণআন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন মুবারক।
