ইরানে নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে একমত ৬ বিশ্বশক্তি
পরমাণু চুক্তির কোন শর্ত লঙ্ঘন করলে কী পন্থায় ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে সে ব্যাপারে একমত হয়েছে ছয় শক্তিধর দেশ। এ মতৈক্যের মধ্য দিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে একটি বড় প্রতিবন্ধকতা দূর হল।
ইরানের পরমাণু প্রকল্প বিষয়ে তেহরানের সঙ্গে বিশ্বের ছয় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন একটি পাকা চুক্তিতে উপনীত হতে চাইছে।
২ এপ্রিল এ বিষয়ে উভয় পক্ষ একটি অন্তবর্তীকালীন চুক্তিতে উপনীত হয়েছে। ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে হবে।
চুক্তি অনুযায়ী, ইরানকে অন্তত আগামী দশ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে হবে। বিনিময়ে ইরানের ওপর থেকে ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
কিন্তু ঠিক কখন থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে, ইরানের সামরিক ঘাঁটিগুলোতে জাতিসংঘকে প্রবেশ করতে দেয়ার ব্যাপারে তেহরানের সম্মতি এবং যদি ইরান প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে কী উপায়ে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে সে বিষয়ে উভয়পক্ষের একমত হওয়া বেশ কঠিন হয়ে পড়েছে এবং এসব নিয়ে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এমন একটি সহজ পন্থা বের করতে চাইছে যাতে তেহরান যদি চুক্তি ভঙ্গ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। তবে রাশিয়া ও চীন স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল পন্থায় আপত্তি জানিয়েছিল।
নতুন যে চুক্তি হয়েছে তাতে খুব সম্ভবত ইরান চুক্তি লঙ্ঘন করছে এমন মনে হলে বিষয়টি বিতর্ক-অবসান প্যানেলের সামনে উত্থাপন করা হবে। প্যানেল অভিযোগটি যাচাই করে দেখবে এবং কোনো রকম বাধ্যবাধকতা ছাড়াই তাদের মতামত জানাবে।
খুব সম্ভবত ছয় শক্তি ছাড়াও ইরান ওই প্যানেলের সদস্য হতে পারবে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও (আইএইএ) ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ছয় শক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়মিত প্রতিবেদন জমা দেবে।
কিন্তু চুক্তি অনুযায়ী ঠিক কিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে সে ব্যাপারে কর্মকর্তরা খোলসা করে কিছু বলেননি।
পশ্চিমা প্রতিনিধিদের একজন রয়টার্সকে বলেন, “রাশিয়া ও চীনসহ আমরা নিষেধাজ্ঞা পুনর্বহালের পন্থার ব্যাপারে একটি নির্ভরযোগ্য চুক্তিতে উপনীত হয়েছি। এখন এ ব্যাপারে ইরানকে রাজি হতে হবে।”
যদিও অন্য একজন কর্মকর্তা এই চুক্তিকে ‘পরীক্ষামূলক’ বলেছেন। কারণ, ইরানের রাজি হওয়ার ওপর চুক্তি বলবৎ হওয়া নির্ভর করছে।
