২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৫২

প্রবল বৃষ্টিপাতে কলম্বিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকার একটি ছোট শহরে ভূমিধসজনিত কাদা ও পানির ঢলে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ৫২ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 May 2015, 11:14 AM

Updated : 12 Oct 2022, 03:42 PM

সোমবারের এ ঘটনায় আরো অন্ততপক্ষে ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় পুলিশ কমান্ডার হোসে অ্যাঞ্জেল মেনদোজা জানিয়েছেন, ভূমিধসে লা লিবোরিয়ানা গিরিখাত বন্ধ হয়ে পানির প্রবাহ আটকে যায়। পরে আটকে পড়া পানির চাপে ফের ভূমিধস ঘটে ঢল নামলে সামনে পড়া সবকিছু ধ্বংস হয়ে যায়।

এক বিবৃতিতে কলম্বিয়ার জাতীয় দুর্যোগ বিভাগ জানিয়েছে, ৫২ জন নিহত হয়েছেন এবং আহত আরো ৩৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিখোঁজ লোকজনের খোঁজে ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও তল্লাশি কুকুর কাজ করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

প্রকাশিত ছবি ও টেলিভিশনের সংবাদ চিত্রে দেখা গেছে, আন্দিজ পর্বতমালা এলাকার ওই শহরটির ঘরবাড়ি ও সড়কগুলো কাদা ও আবর্জনার নিচে চাপা পড়ে আছে।

হেলিকপ্টারে দুর্গত স্থান পরিদর্শন করে ও স্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বৃষ্টিপাত কমে এলেও আগামী তিনদিন পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।