ফের বিমান হামলা শুরু ইয়েমেনে
পাঁচ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ করে ফের বিমান হামলা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী।
রোববার স্থানীয় সময় বিকেল ৪টায় যুদ্ধবিরতির সময়সীমা পেরোনোর অল্প সময় পরই এডেনে হুতি অবস্থান লক্ষ করে বিমান হামলা শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এডেন বিমানবন্দর কাছাকাছি এলাকায় এবং শহরের খোর মাকসার ও ক্রাটার এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।
গত মঙ্গলবার থেকে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের মধ্যে মানবিক ত্রাণ-কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে পাঁচদিনের যুদ্ধবিরতি পালন করেছে বিবদমান পক্ষগুলো। এই যুদ্ধবিরতি আরো দীর্ঘায়িত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
তবে ইয়েমেনের নির্বাসিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন আব্দুল্লাহ জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধবিরতি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব অভিযোগ করেছে, হুতিরা বারবার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
ইয়াসিন বলেছেন, “আমরা আগেই বলেছিলাম, তারা যদি আবার শুরু করে, আমরাও আবার শুরু করব।”
তবে তাৎক্ষণিকভাবে সৌদিদের এ অভিযোগের বিষয়ে হুতিদের মতামত জানা যায়নি।
বোমা হামলায় হুতিদের দখল করা এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া বিমানবন্দরের কাছে হুতিদের সঙ্গে স্থানীয় যোদ্ধাদের লড়াই হয়েছে বলেও জানিয়েছেন তারা।
তবে তাদের দেয়া তথ্যের মধ্যে হতাহতের কোনো খবর ছিল না।
সৌদি আরব ও এর সুন্নি মুসলিম মিত্ররা ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহী ও তাদের সুন্নি মিত্র সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা ইউনিটগুলোর অবস্থান লক্ষ করে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে বিমান হামলা চালাচ্ছে। হুতিরা শিয়া মুসলিম শক্তি ইরানের সমর্থন পাচ্ছে বলে দাবী করছে সৌদি আরব।
তবে এসব হামলা সত্বেও ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে হুতি ও তাদের মিত্র সেনাবাহিনীর অংশটি। সৌদি সমর্থিত দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগতরা দক্ষিণের বন্দর শহর এডেনে জোট বাহিনীর সমর্থনে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছে।
