২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীকে জীবন্ত কবর দিল ভাল্লুক

রাশিয়ার আমুর অঞ্চলের বনে বার্চ গাছের রস সংগ্রহ করার সময় এক নারীর ওপর হামলা করে তাকে জীবন্ত কবর দিয়ে রাখে এক ভাল্লুক। খুব সম্ভবত পরে খাওয়ার জন্য ভাল্লুকটি একাজ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 08:14 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

‘সার্বিয়ান টাইমস’ এর খবর অনুযায়ী, ৫৫ বছর বয়সী নাতালিয়া পাসতেরেঙ্ক মাথায় এবং উরুতে গুরুতর আঘাত পেয়েছেন।

ডাকঘর কর্মী নাতালিয়া তার কুকুরকে নিয়ে বনে যান। সঙ্গে ছিলেন তার এক বন্ধু। হঠাৎ করেই ভাল্লুক তাদের ওপর হামলা করে।

নাতালিয়া ও তার কুকুর উভয়ই এতে আহত হয়। বন্ধুটি পালিয়ে যেতে সক্ষম হন। তিনি দ্রুত জরুরি সেবা বিভাগে হামলার খবর জানান।

কিছুক্ষণের মধ্যে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে ভাল্লুক তাদের উপরও হামলা করে। উদ্ধারকর্মীরা ভাল্লুকটিকে গুলি চালিয়ে হত্যা করে।

এরপর তারা পাতার স্তূপের নিচ থেকে গুরুতর আহত নাতালিয়াকে উদ্ধার করে। ওই সময় নাতালিয়া জীবিত ছিলেন এবং তার জ্ঞানও ছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন।

গত বছর রাশিয়ার একদম উত্তরাঞ্চলের বনে ভাল্লুকের হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।