সমকামী সঙ্গীকে বিয়ে করছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাভিয়ের বেটেল তার সমকামী পুরুষ সঙ্গীকে বিয়ে করতে যাচ্ছেন আগামী সপ্তাহেই।
মাত্র কয়েকমাস আগে দেশটিতে সম-লিঙ্গের বিয়েকে বৈধতা দেয়া হয়। নতুন এ আইনেরই সুযোগ নিচ্ছেন বেটেল। সমকামী সঙ্গী গথিয়ারডেসটেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি।
২০১৩ সালে ৪০ বছর বয়সে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হন বেটেল। জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নেন পুরুষ বন্ধু গথিয়ারকে। যিনি পেশায় একজন স্থপতি। ২০১০ সাল থেকে তারা একসঙ্গে বসবাস করছেন।
গত বছর অগাস্টে ডেসটেনেকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন বেটেল। ওই সময় ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সে আমাকে জিজ্ঞাসা করেছে.. আমি হ্যাঁ বলেছি।”
‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা জানায়, ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে মাতামাতি করতে চান না বেটেল। তাই কয়েকটি সেলিব্রেটি ম্যাগাজিন তার এই বিয়েকে কেন্দ্র করে প্রচ্ছদ প্রতিবেদন করতে চাইলে তা নাকচ করে দেন বেটেল।
নিজের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তিনি।বিয়ের পরিকল্পনা নিয়েও গণমাধ্যমে খুব সামান্য তথ্যই দিয়েছেন বেটেল।
বিশ্বে একমাত্র দেশ লুক্সেমবার্গ যেখানে প্রধানমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী দুজনই সমকামী।
লুক্সেমবার্গের মোট জনসংখ্যা পাঁচ লাখ ৬২ হাজার এবং অধিকাংশই রোমান ক্যাথলিক।
