২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গ নেতার পথে লেবার পার্টি?

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে ভরাডুবির মুখে লেবার পার্টি প্রধান এড মিলিব্যান্ডের পদত্যাগের পর দলটির নেতৃত্বের দৌড়ে নামার ঘোষণা দিয়েছেন মধ্য-বাম কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ চুকা উমুন্না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 12:22 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

নাইজেরীয় অভিবাসীর সন্তান ৩৭ বছর বয়সী উমুন্না একজন সাবেক আইনজীবী। ২০১০ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন এবং শ্যাডো বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পান।২০১১ সাল পর্যন্ত তিনি লেবার পার্টির ব্যবসায়িক মুখপাত্র ছিলেন।

লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে নামার ঘোষণা দিয়ে ফেইসবুকে পোস্ট করা একটি ভিডিওতে উমুন্না বলেন, “দলের নেতৃত্বের জন্য দাঁড়ানোর ঘোষণা দিতে পেরে আজ আমি আনন্দিত।”

তিনি আরো বলেন, “গত কয়েকদিন ধরে কেউ কেউ বলেছেন লেবার পার্টিকে এখন চাঙ্গা করে তুলতে ১০ বছর লেগে যাবে.... আমি মনে করি তা ৫ বছরেই হবে। সে চেষ্টা নিয়েই আমি দলের নেতৃত্ব দিতে চাই।”

লেবার পার্টির নেতা নির্বাচিত হলে উমুন্নাই হবেন যুক্তরাজ্যের মূলধারার কোনো রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা। আর এর পথ ধরে একদিন তিনিই হতে পারেন ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ প্রধানমন্ত্রী।

দলটির উদীয়মান এ রাজনীতিবিদকে প্রায়শই ‘ব্রিটিশ ওবামা’ বলে ডাকা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বেশকিছু বিষয়ে মিলও আছে উমুন্নার।

ওবামার মত উমুন্নাও সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছেন। রাজনীতিতে নামার আগে দু’জনই আইনী পেশায় ছিলেন।

উমুন্না ছাড়াও আরো অনেকেই লেবার পার্টি প্রধান পদে লড়ার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে আছেন শ্যাডো কেয়ার মিনিস্টার লিজ কেন্ডাল, গর্ডন ব্রাউন সরকার আমলের মন্ত্রী ও সাবেক ট্রেজারি প্রধান  ইয়েত্তে কোপার, ইতিহাসবিদ-সাংবাদিক ত্রিসট্রাম হান্টসহ আরো অনেকে।