২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক মারণাস্ত্রের ঝুঁকিতে সিরিয়ার ৫১ লাখ মানুষ

সিরিয়ার প্রায় ৫১ লাখ মানুষ এমন এলাকায় বাস করে যেখানে যেকোনো মুহূর্তে মারণাস্ত্রের বিস্ফোরণ ঘটতে পারে। দাতব্য সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 10:35 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

আন্তর্জাতিক এ দাতব্য সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সিরিয়ায় ৭৮ হাজারটি সহিংস ঘটনা পরীক্ষা করে দেখেছে যে, এর মধ্যে ৮০ শতাংশই রকেট, মর্টার শেল ও বোমার মত মারাত্মক মারণাস্ত্র বিস্ফোরণের ঘটনা।

এসব অস্ত্রের মধ্যে কোনো কোনোটি অবিস্ফরিত অবস্থায় পড়ে আছে এবং যেকোনো সময়ে বিস্ফরিত হওয়ার ঝুঁকি রয়েছে।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক অ্যানি গারেল্লা বলেন, “সিরিয়াকে আগামী অনেক বছর ধরে এসব অস্ত্রের ভয়াবহতার দায় চুকাতে হবে।”

সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধে দুই লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ।

যুদ্ধ বন্ধে যাবতীয় কূটনৈতিক উদ্যোগ বিফলে গেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ও এর মিত্রদের সঙ্গে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের লড়াই চলছে।

এর মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিরিয়ার অনেক এলাকা নিজেদের দখলে নিয়েছে। আইএস দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটবাহিনী সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। ওই বিমান হামলায়ও অনেক নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল জানায়, এসব হামলার চারভগের তিনভাগই পশ্চিমের ঘনবসতি পূর্ণ প্রদেশ আলেপ্পো, দেরা, হোমস, ইদলিব এবং দামেস্কের প্রত্যন্ত অঞ্চলে হয়েছে।