কলকাতায় ট্রেনে বিস্ফোরণ, আহত ১৪
পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় একটি ট্রেনে দুই যাত্রীর মধ্যে বিতণ্ডার এক পর্যায়ে তাদের একজনের সঙ্গে থাকা বোমা বিস্ফোরিত হয়ে ১৪ জন আহত হয়েছেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোরে শিলাইদহ থেকে কৃষ্ণনগরগামী একটি লোকাল ট্রেন তিতাগড় পার হওয়ার কিছু পরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ট্রেনটি তখন কলকাতা থেকে একঘণ্টারও কম দূরত্বে ছিল। বোমাটি কম ক্ষমতার হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ বোমা বহনকারীসহ আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করেছে। আরও সাতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, আহত বোমা বহনকারীর নাম রাজা ওরফে রাজু দাশ। সে তিতাগড় থানার তালিকাভুক্ত অপরাধী।
পশ্চিমবঙ্গের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিরাজ সিং জানান, “তিতাগড় স্টেশন থেকে একদল সন্দেহভাজন লোক ট্রেনে উঠেছিল বলে জানতে পেরেছি আমরা। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বোমটি বিস্ফোরিত হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ট্রেনের পাঁচ নম্বর বগিতে দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বোমাটি বিস্ফোরিত হয়।
আহত আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দুজনের ঝগড়ার এক পর্যায়ে একজনকে তিনি ছুরি বের করে হুমকি দিতেও দেখেছেন।
