নিউ ইয়র্কের কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের উত্তরে ইন্ডিয়ান পয়েন্ট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে।
শনিবারের এ ঘটনায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো উদ্বেগ প্রকাশ করেছেন।
ঘটনার পরদিন রোববার ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে জ্বালানি তেল চুঁইয়ে পাশের হাডসন নদীতে পড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই হাডসন নদীর মোহনাতেই বিশ্বের অন্যতম বৃহত্তম শহর নিউ ইয়র্কের অবস্থান।
ঘনবসতিপূর্ণ নিউ ইয়র্ক শহরের মাত্র ৪০ কিলোমিটারের মধ্যে অবস্থানের কারণে বেশ কয়েকবার নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছিলেন গভর্নর কুয়োমো।
দুর্ঘটনার পর শনি ও রোববার পরপর দুইদিন তিনি কেন্দ্রটি পরিদর্শন করেছেন।
কেন্দ্রটির পরিস্থিতি সম্পর্কে জরুরি বিভাগের ও কেন্দ্রটির কর্মকর্তারা গভর্নরকে অবহিত করেছেন।
এরপর এক সংবাদ সম্মেলনে কুয়োমো জানান, ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয়ে পাশের একটি আধারে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে আধারটি উপচে তেল মাটি ও পাশের নদীতে গিয়ে পড়ে।
ছড়িয়ে পড়া তেল অপসারণ ও নিয়ন্ত্রণে কর্মীরা কাজ করছে জানিয়ে তিনি বলেন, “তবে কতোটা তেল ছড়িয়ে পড়েছে তা পরিষ্কার হওয়া যায়নি।”
বিস্ফোরিত ট্রান্সফর্মারের চারপাশের উল্লেখযোগ্য এলাকায় তেল ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এর ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ট্রান্সফর্মারে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়। বন্ধ করে দেয়া হয় কেন্দ্রটির তিন নম্বর ইউনিটের নিউক্লিয়ার চুল্লিটি। তবে অপর দুটি ইউনিটের চুল্লি সচল রাখা হয়।
চুল্লিগুলোর অবস্থান ট্রান্সফর্মারগুলো থেকে তিনশ থেকে চারশ ফুট দূরে।
কেন্দ্রটির পরিচালনা কোম্পানি এন্টার্জি কর্পোরেশন দাবি করেছে, কেন্দ্রটির অবস্থা স্থিতিশীল আছে এবং এটি থেকে কেন্দ্রটির কর্মীদের ও জনসাধারণের বিপদের কোনো আশঙ্কা নেই।
