জয়ললিতা খালাস
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ হারানোর আট মাসের মাথায় হাই কোর্টের রায়ে দুর্নীতির অভিযোগ থেকে খালাস পেয়েছেন জয়ললিতা।
সোমবার কর্নাটক হাই কোর্টে জয়ললিতার আপিলের এই রায়ের মধ্য দিয়ে তার ক্ষমতায় ফেরার পথ তৈরি হল বলে এনডিটিভির খবর।
আইবিএন লাইভের এক প্রতিবেদনে বলা হয়, রায়ের পর তামিলনাড়ুতে উল্লাসে ফেটে পড়েন জয়ললিতার সমর্থকরা। বিভিন্ন স্থানে নেচে-গেয়ে, পতাকা উড়িয়ে ‘আম্মার’ জন্য তারা আনন্দ প্রকাশ করেন।
জয়ললিতার দল এআইএডিএমকের এমপিরাও পার্লামেন্ট প্রাঙ্গণে এসে উল্লাসে যোগ দেন, চলে মিষ্টিমুখ।
জামিনে থাকা জয়ললিতা রায়ের সময় চেন্নাইয়ে নিজের বাড়িতেই ছিলেন। তার আইনজীবী বি কুমার এ রায়কে অভিহিত করেন ‘বিরাট বড় স্বস্তি’ হিসাবে।
আর ১৮ বছর আগে জয়ললিতার বিরুদ্ধে যিনি এই মামলা করেছিলেন, সেই বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী রায়ে হতাশা প্রকাশ করে বলেছেন, “আমি বিস্মিত, হতবাক।”
৫৪ কোটি রুপির অবৈধ সম্পদ রাখায় দায়ে গত বছরের সেপ্টেম্বরে এ মামলায় ৬৭ বছর বয়সী জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড দেয় ব্যাঙ্গালুরুর বিশেষ আদালত, সেই সঙ্গে করা হয় ১০০ কোটি রুপি জরিমানা।
২০০১ সালের বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল দ্বিতীয়বারের মতো তামিলনাডুর ক্ষমতায় আসার পর বিচার যাতে প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতেই বিরোধী পক্ষের দাবির মুখে মামলাটি তামিলনাড়ু থেকে এ আদালতে আনা হয়।
আদালতের রায়ে সাজা হওয়ায় জেলে যেতে হয় তামিলনাড়ুর এই প্রভাবশালী রাজনীতিবিদকে, ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর পদ।
মামলার বাদী সুব্রামানিয়াম স্বামীর অভিযোগ ছিল, প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালে জয়ললিতা মাত্র এক রুপি বেতন নিতেন। কিন্তু ওই সময়ে পাঁচ বছরে তিনি কমপক্ষে ৬৬ কোটি রুপির মালিক হয়েছেন।
মামলার নথি অনুযায়ী, জয়ললিতার সম্পদের মধ্যে রয়েছে দুই হাজার একর জমি, ৩০ কেজি সোনা এবং ১২ হাজার শাড়ি।
তিন সপ্তাহ জেলে থাকার পর ভারতের সর্বোচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান এডিএমকেনেত্রী। আপিল করেন হাই কোর্টে।
হাই কোর্টের রায় ঘিরে সোমবার সকাল থেকেই কর্নাটকে আদালত এলাকার নিরাপত্তা বাড়ানো হয়। ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই এলাকায় যানচলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়।
সকালে বিচারক এজলাসে বসার পর ১০ সেকেন্ডের মধ্যে রায় ঘোষণা হয়ে যায়, নির্দোষ ঘোষণা করা হয় জয়ললিতাকে। মামলার অপর তিন আসামিও খালাস পান।
অভিযোগ থেকে খালাস হওয়ায় জয়ললিতার আবার ক্ষমতায় ফেরার পথ তৈরি হয়েছে। তবে তাকে ছয় মাসের মধ্যে নির্বাচনে অংশ নিতে হবে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
আইবিএন লাইভের এক খবরে বলা হয়েছে, জয়ললিতা যাতে ক্ষমতায় ফিরতে পারেন, সেজন্য বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এআইএডিএমকে নেতা ও পান্নিরসেলভাম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
গত বছর লোকসভা নির্বাচনে রাজ্যের ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতে জয়ী হয়ে চমক দেখায় এআইএডিএমকে। আগামী বছর হবে রাজ্যের বিধানসভা নির্বাচন । হাই কোর্টের রায়ের পর সাবেক অভিনেত্রী জয়ললিতার নির্বাচনে অংশ নিতেও আর বাধা থাকছে না।
