যুক্তরাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কনজারভেটিভরা
আবারও ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাকে দূরে ঠেলে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি।
ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৬৩০টি আসনের যে ফলাফল বিবিসি প্রকাশ করেছে, তাতে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি ৩১৫টিতে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধী দলে থাকা লেবার পার্টি পেয়েছে ২২৮ আসন।
বিবিসির বুথফেরত জরিপ অনুযায়ী ক্যামেরনের দল ৩২৮ আসনে জয়ী হতে পারে।
ক্যামেরন বলেছেন, এখনই কিছু বলার সময় আসেনি, তবে আবারও সরকার গঠনের ব্যাপারে তিনি আশাবাদী।
অন্যদিকে শ্যাডো চ্যান্সেলর এড বলস নিজেও হেরে বসায় কঠিন বৃহস্পতিবার ভোটের পর কঠিন একটি রাত কাটিয়েছে লেবার পার্টি।
এ পর্যন্ত ৫৬টি আসনে জয় পাওয়া স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) স্কটল্যান্ড থেকে লেবার পার্টিকে একপ্রকার নির্মূলই করে দিয়েছে। এছাড়া লিবারেল ডেমোক্রেটসরা ৮টি এবং ২৩টি আসনে অন্যান্য দল জিতেছে।
পরাজয়ের দুয়ারে দাঁড়িয়ে লেবার নেতা এড মিলিব্যান্ড বলেন, “এটা পার্টির জন্য অত্যন্ত হতাশার এবং কঠিন এক রাত। ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে যে ফল পাব বলে আমরা আশা করেছিলাম, তা হয়নি। বরং আমরা দেখতে পেলাম, জাতীয়তাবাদী উত্থান আমাদের ছাড়িয়ে যাচ্ছে।”
বুথফেরত জরিপ অনুযায়ী, শেষ পর্যন্ত লেবার পার্টি ২৩৯টি আসন পেতে পারে। আর তা ঠিক হলে এটি হবে মধ্য-বামপন্থি দলটির জন্য তিন দশকের মধ্যে সবচে বাজে ফলাফল।
রয়টার্স লিখেছে, সরকার গঠনে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি যদি সামান্য আসন কমও পান, তারপরও ক্ষমতায় থাকার জন্য বর্তমান প্রধানমন্ত্রীর হাতে বেশ কয়েকটি উপায় খোলা থাকবে।
বর্তমান জোটসঙ্গী লিবারেল ডেমক্রেটস বা নর্দান আইরিশ ইউনিয়নিস্ট কিংবা দুই দলকে সঙ্গী করেই তিনি নতুন সরকার গঠন করতে পারেন।
বিরোধীরা এই ভেবে আতঙ্কিত যে, এসএনপি তাদের বিশাল জয়ের ফলে আবারও স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে ভোটের ডাক দিতে পারে।
যদিও গত বছর স্বাধীনতা প্রশ্নে আয়োজিত নির্বাচনে বেশিরভাগ স্কটিশই ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন।
